তিনটি বাল্যবিবাহ বন্ধ, তিনজনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সড়র ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দুই দিনে তিনটি বাল্যবিবাহ বন্ধ করেছে প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জে এক কনের বাবা এবং সিরাজগঞ্জে এক বর ও এক ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা সাকিলা দিল হাছিন প্রথম আলোকে বলেন, পৌর এলাকার টিকরামপুরে আজ শুক্রবার অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলামের নেতৃত্বে পুলিশ গিয়ে বিয়ে বন্ধ করে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবাকে কারাদণ্ড দেওয়া হয়।
সকালে পৌর এলাকার কল্যাণপুর বাগানপাড়ায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে প্রশাসন এ বিয়ে বন্ধ করে দেয়। পরে উভয় পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়, বিয়ের বয়স না হওয়ার পর্যন্ত তারা এ বিয়ের আয়োজন করবে না।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ প্রথম আলোকে বলেন, গতকাল উল্লাপাড়ার একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রীর সঙ্গে বেলকুচি উপজেলার শকুনা গ্রামের যুবক রফিকুল ইসলামের (২৫) বিয়ের আয়োজন করা হয়। বিয়ে পড়াচ্ছিলেন একই গ্রামের আবদুল হানিফ। খবর পেয়ে উল্লাপাড়ার ইউএনও সন্দ্বীপ কুমার সরকারের নেতৃত্বে স্থানীয় থানার পুলিশ বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর রফিকুলকে ১৫ দিনের ও হানিফকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত দুজনকে আজ আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।