নাটোরের লালপুরে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে টিকিট কালোবাজারি নিয়ে সংঘর্ষে দুজন নিহত ও আটজন আহত হওয়ার ঘটনায় তিনটি পৃথক মামলা হয়েছে। রেল কর্তৃপক্ষ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে। রেলসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লালপুর থানা সূত্র জানায়, নিহত জামাত আলীর বাবা আমজাদ হোসেন বাদী হয়ে লালপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। গত শুক্রবার গভীর রাতে দায়ের করা ওই মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। এদিকে নিহত জীবন আলীর বাবা আবদুর রাজ্জাক বাদী হয়ে একই সময় ঈশ্বরদী রেলওয়ে থানায় পৃথক একটি হত্যা মামলা করেছেন। এই মামলায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। একই সময় ওই থানায় ঈশ্বরদী বাইপাস স্টেশনের মাস্টার সাইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে আরেকটি মামলা করেন। এই মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারি সম্পদ বিনষ্ট ও ত্রাস সৃষ্টির অভিযোগ করা হয়েছে। এসব মামলায় গত শনিবার বিকেল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আবদুল আওয়াল ভূঁইয়া বলেন, সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।