তিনটি লাশ উদ্ধার
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ও কাশিনগর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার জগন্নাথদীঘির সাতঘরিয়া এলাকা থেকে এক যুবকের (৩৫) ও সকাল ১০টায় কাশিনগর এলাকার খাল থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের (৬০) মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, জগন্নাথদীঘির সাতঘরিয়া এলাকা থেকে উদ্ধারকৃত যুবকের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে বৃদ্ধের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার মৃতদেহ দুটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, কীভাবে
তাঁদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এদিকে মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহপুর এলাকায় হাকালুকি হাওর থেকে গতকাল দুপুরে নিমার আলী (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নিমারের বাড়ি উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বড় ধামাই গ্রামে।