তিনটি স্থানে জাটকা ও কারেন্ট জাল জব্দ নয়জনের কারাদণ্ড
দেশের বিভিন্ন স্থানে গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ২৯ মণ জাটকা ও ২ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এর মধ্যে বুধবার নয় জেলেকে গ্রেপ্তার করে নৌ-পুলিশ। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর: বুধবার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ মণ জাটকা ও ২০ হাজার মিটার কারেন্ট জালসহ নয় জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। আটক জেলেদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অভিযানে নয়টি জেলেনৌকা আটক করা হয়।
নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, বুধবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত মেঘনা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ মোহাম্মদ কামালের নেতৃত্বে নৌ-পুলিশ অভিযান চালায়। এ সময় জাটকা, নৌকা ও কারেন্ট জাল জব্দ করা হয়। জাটকাগুলো গতকাল সকালে দুস্থ লোকজনের মধ্যে বিতরণ করা হয়। আর জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রায়পুর (লক্ষ্মীপুর): উপজেলার ঘাসেরহাট বাজার এলাকা থেকে গতকাল ১৯ মণ জাটকা জব্দ করা হয়। কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসন জাটকাবোঝাই একটি পিকআপ আটক করে। পরে তারা মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। জব্দকৃত ওই জালের মূল্য প্রায় ৩০ লাখ টাকা। পরে জালগুলো মেঘনা নদীর পাড়ে পোড়ানো হয়। আর জাটকাগুলো এলাকার এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
মতলব দক্ষিণ (চাঁদপুর): উপজেলার এখলাসপুর ও আমিরাবাদ এলাকার মেঘনা নদী থেকে দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। বুধবার রাতে এখলাসপুর কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে।