নয় বছর বয়সে সাভারে একটি বাসায় গৃহকর্মীর কাজে ঢোকে আকলিমা। সাংবাদিকদের আকলিমা বলেছে, তিন বছর সেই বাসার সদর দরজার বাইরে সে একবারও বের হতে পারেনি। এখন তার বয়স ১২।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আকলিমার মতো শ্রমজীবী কিছুসংখ্যক শিশু সাংবাদিকদের মুখোমুখি হয়। শিশু অধিকার সপ্তাহ সামনে রেখে মুখোমুখি বসার এই আয়োজন করে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম নামের একটি বেসরকারি সংস্থা।
আকলিমার শরীর লিকলিকে। গুছিয়ে কথা বলতে পারে না। কথা শেখার সময়ও সে হয়তো পায়নি। সাংবাদিকদের আকলিমা বলে, সাভারের ওই বাসাতে তার চেয়ে কম বয়সী শিশুদের দেখাশোনা করত সে। কাপড় কাচা ও ঘর মোছার কাজ করত। গরম পানিতে তার শরীর পুড়ে যাওয়া, গৃহকত্রী৴র হাতে মার খাওয়ারও বর্ণনা দেয় সে।
আয়োজক সংস্থা ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে ৪০টির মতো শিশু প্রেসক্লাবে এনেছিল। এসব শিশুর শৈশব বলে কিছু নেই। এরা খেলতে পারে না। স্কুলে যায় না। এদের মুখে হাসি নেই। এদের কেউ কাজ করে বাসাবাড়িতে, কেউ দোকানে, কেউ চামড়ার কারখানায়। কেউ বা পথে পথে ঘুরে কাগজ সংগ্রহ করে, রাতে পথেই ঘুমায়।
আয়োজকেরা বলেন, সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ শিশুদের ব্যবহার করে। রাজনৈতিক সভা-সমাবেশ-মিছিল কিংবা নানা রকম অপরাধমূলক কাজে তাদের ব্যবহার করা হয় অল্প কিছু টাকার বিনিময়ে। আর এসব করতে গিয়ে শিশুরা বিপদে পড়ে। শিকার হয় শারীরিক ও মানসিক নির্যাতনের।