তিনি ছুটিতে, তাই অস্ত্রোপচারও বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দেড় মাস ধরে প্রসূতি অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে।
ওই কমপ্লেক্সের অবেদনবিদ (এনেসথেসিয়া কনসালটেন্ট) আবদুল মান্নান ছুটিতে থাকায় এ সমস্যা তৈরি হয়েছে। এতে কম খরচে এলাকার প্রসূতি রোগীরা অস্ত্রোপচার-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ভোগান্তিও পোহাতে হচ্ছে তাঁদের।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে প্রসূতি সার্জন, অস্ত্রোপচার কক্ষ (ওটি) এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সবই আছে। প্রসূতি অস্ত্রোপচারও চলছিল। অবেদনবিদ আবদুল মান্নান গত ১ নভেম্বর থেকে দুই মাসের চিকিৎসাজনিত ছুটিতে গেছেন। তখন থেকেই প্রসূতি অস্ত্রোপচারসহ সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রয়েছে।
উপজেলার ঠাকুরচর গ্রামের গৃহবধূ মোহসেনা আক্তার (৩০) বলেন, কয়েক দিন আগে প্রসব বেদনা নিয়ে ওই হাসপাতালে গিয়েছিলেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জরুরিভাবে অস্ত্রোপচার করাতে বলেন। কিন্তু ওখানে অবেদনবিদ না থাকায় অস্ত্রোপচার করাতে পারেননি। পরে বাধ্য হয়ে মতলব দক্ষিণে একটি বেসরকারি হাসপাতালে ২০ হাজার টাকায় অস্ত্রোপচার করান। এতে অর্থ ও সময়ের অপচয় হয়েছে; পোহাতে হয়েছে ভোগান্তি।
জানতে চাইলে আবদুল মান্নান মুঠোফোনে বলেন, কোমরে ব্যথা থাকায় ছুটি নিয়েছেন। তিনি ডাক্তার দেখাচ্ছেন। সুস্থ হলে কর্মস্থলে যোগ দেবেন। মতলব উত্তর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ আলম মোল্লা বলেন, ‘ওই অবেদনবিদ ছুটিতে থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি সুস্থ হওয়ার আগে এ কার্যক্রম শুরু করা যাবে না। এর বিকল্প ব্যবস্থাও নেই।’