তিনি জাপটে ধরলেন ছিনতাইকারীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরিতে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির কাছ থেকে টাকাপয়সা লুট করে নেয় চার ছিনতাইকারী। এ সময় ওই ব্যক্তি জীবনের ঝুঁকি নিয়ে এক ছিনতাইকারীকে জাপটে ধরেন। ছিনতাইকারীদের হামলায় তিনি আহত হন। পরে ফেরিতে অন্য যাত্রীরা ছিনতাইকারীদের আটক করে পুলিশে দেন।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি বনলতায় এ ঘটনা ঘটে।
আটক চার ছিনতাইকারী হলেন রাজবাড়ীর দৌলতদিয়ার ভায়াচর এলাকার বাবু শেখ, দৌলতদিয়ার ওমর গাজী পাড়ার লাভলু মণ্ডল, উত্তর দৌলতদিয়ার বলয় সরদার এবং সদর উপজেলার রূপপুর এলাকার আবদুর রশিদ শেখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী ফেরিতে প্রায়ই জুয়ার আসর বসানো হয়। মাঝেমধ্যে জুয়া খেলার অজুহাতে যাত্রীদের কাছ থেকে টাকাপয়সা লুট করে নিয়ে যায় ছিনতাইকারীরা। সম্প্রতি ফেরিতে জুয়া খেলা বন্ধে পুলিশ কঠোর পদক্ষেপ নেয়। এর পরও গতকাল বেলা ১১টার দিকে দৌলতদিয়া থেকে পাটুরিয়ায় ছেড়ে আসা ফেরি বনলতায় জুয়ার আসর বসায় ওই চার ছিনতাইকারী। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা ফেরির যাত্রী শারীরিক প্রতিবন্ধী (বাঁ হাতের কবজি নেই) আবুল কালামকে (৪৫) মারধর করে তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। আবুল কালাম এ সময় ছিনতাইকারীদের একজনকে জাপটে ধরেন। এরপর ফেরির অন্য যাত্রীরা বাকি তিন ছিনতাইকারীকে আটক করেন। খবর পেয়ে পাটুরিয়া নৌফাঁড়ির পুলিশ তাদের আটক করে স্থানীয় শিবালয় থানায় সোপর্দ করে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, প্রতিবন্ধী ওই ব্যক্তির সহযোগিতায় ছিনতাইকারীদের আটক করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।