তিস্তা থেকে ছয়টি মানবভ্রূণ উদ্ধার
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় তিস্তা নদীর বার্ণির ঘাট এলাকা থেকে ছয়টি মানবভ্রূণ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় পলিথিনের ব্যাগে থাকা ওই ভ্রূণগুলো উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে টেপাখড়িবাড়ি ইউনিয়নের বার্ণির ঘাট এলাকার রুবেল ইসলাম (১৩) নামে এক কিশোর নদীতে ভাসমান একটি পলিথিনের ব্যাগ পায়। পরে সেটি ডাঙ্গায় তুলে ব্যাগের ভেতরে ওই ছয়টি মানবভ্রূণ দেখতে পায় সে। এলাকাবাসীকে খবর দিলে তাঁর পুলিশে খবর দেন।
টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাবিউল ইসলাম বলেন, গতকাল তিস্তায় বন্যার ঢল নামে। ওই ঢলের পানিতে ভেসে আসা কাঠ সংগ্রহ করার সময় উত্তর খড়িবাড়ি গ্রামের রুবেল ব্যাগটি পায়।
ডিমলা থানার উপপরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন আহম্মেদ বলেন, এলাকাটি ভারতের সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার দূরে হওয়ায় ধারণা করা হচ্ছে, ভারতের কোনো ক্লিনিকে অবৈধ গর্ভপাতের পর ভ্রূণগুলো পলিথিনের ব্যাগে করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এগুলো তিন বা চার মাসের ভ্রূণ হওয়ায় লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।