তীরের মাটি লুট করতে নদীতে বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীতীরের মাটি কেটে পরিবহনের জন্য টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গুনটিয়া এলাকায় লৌহজং নদীতে বাঁধ নির্মাণ করা হয়েছে। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো
নদীতীরের মাটি কেটে পরিবহনের জন্য টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গুনটিয়া এলাকায় লৌহজং নদীতে বাঁধ নির্মাণ করা হয়েছে। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নদীতীরের মাটি লুট করে নেওয়ার জন্য নদীতে দুটি বাঁধ নির্মাণ করা হয়েছে। জামুর্কী ইউনিয়নের গুনটিয়া ও চুকুরিয়া এলাকায় লৌহজং নদীতে ওই দুটি বাঁধ দেওয়া হয়েছে। এ ছাড়া গুনটিয়া সেতুর দুপাশ থেকেও মাটি কাটা হচ্ছে। এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন অতিরিক্ত মাটিবোঝাই অনেক ট্রাক যাতায়াত করায় সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
নদী থেকে মাটির কাটার কারণে নদীর তীরবর্তী কারও কারও জমি নদীতে বিলীন হচ্ছে। এদিকে মাটি কাটার সঙ্গে জড়িত শ্রমিকদের আটকের পর জরিমানা করা হলেও মাটি কাটা বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
গুনটিয়া ও চুকুরিয়ার কয়েকজন বাসিন্দা জানান, লৌহজং নদীর ওই দুটি এলাকায় প্রায় চার মাস আগে থেকে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পাকুল্লার শাহীন মিয়া ও গোড়ানের মাহাবুবুল হক ওরফে রিপনসহ কয়েকব্যক্তি মাটি কাটা শুরু করেন। এরপর প্রায় দুই মাস আগে সাইদুর লৌহজং নদীতে বাঁধ দিয়ে মাটি কাটা শুরু করেন। তাঁর দেখাদেখি শাহীন ও মাহাবুবুল একইভাবে বাঁধ দিয়ে মাটি কাটা শুরু করেন।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, গুনটিয়া ও চুকুরিয়া গ্রামে চারটি এক্সকাভেটর দিয়ে নদীর পাড় ও নদী থেকে মাটি কাটা হচ্ছে। সেই মাটি পরিবহনে নদীর ওপর মাটি ফেলে দুটি বাঁধ নির্মাণ করা হয়েছে।
গল্লি উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবদুল করিম জানান, নদীর পাড় থেকে ৫০-১০০ ফুট ভেতরের দিকে প্রায় ২৫ ফুট গভীর করে ওই ব্যবসায়ীরা মাটি কাটছেন।
গুনটিয়া গ্রামের আজাহার আলী জানান, নদী-সংলগ্ন পাশের জমি থেকেও ওই প্রভাবশালীরা মাটি কিনে তা কাটায় তাঁর জমি হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যে তাঁর জমির কিছু অংশ ভেঙে নদীতে বিলীন হয়েছে। একই গ্রামের মুদি দোকানদার শাহাদত হোসেন জানান, গুনটিয়া সেতু দিয়ে মাটিবোঝাই প্রায় ৪০ টন ওজনের ৫০টি ট্রাক গড়ে প্রতিদিন মোট ৮০০ বার যাওয়া-আসা করে। যেভাবে ট্রাক চলছে তাতে শিগগিরই সেতুটি ধসে যাবে।
উপজেলা সহকারী প্রকৌশলী শামসুল আলম জানান, গুনটিয়া সেতুটি ১০ টনের বেশি ওজনের যানবাহন চলাচলের জন্য উপযুক্ত নয়। কিন্তু সেতুর দুপাশ থেকে মাটি কাটার পাশাপাশি এর ওপর দিয়ে প্রায় ৩৫ টন ওজনের মাটিবোঝাই ট্রাক চলাচল করায় যেকোনো মুহূর্তে সেতুটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি জেলা ও পুলিশ প্রশাসনকে বারবার লিখিতভাবে জানিয়েও কোনো লাভ হচ্ছে না।
সাইদুরের মাটি বহন করতে আসা ট্রাকচালক তাহের মিয়া ও রুবেল মিয়া জানান, বড় আকারের ট্রাকে ৪০০ ঘনফুট ও ছোট আকারের ট্রাকে ১৮০-২০০ ঘনফুট করে মাটি বহন করা যায়।
এক্সকাভেটর চালক নোয়াখালীর ফারুক হোসেন জানান, প্রতিটি এক্সকাভেটর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৫০ ট্রাক মাটি ভরাট করা যায়।
সাইদুরের ব্যবসা দেখভালের দায়িত্বে থাকা তোফাজ্জল হোসেন জানান, মাটি কাটতে গিয়ে প্রশাসনের কাছে আটক হওয়া শ্রমিকদের ছাড়াতে তাঁদের এ পর্যন্ত ১২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে সাইদুর মাটি কাটার কথা স্বীকার করলেও নদীতে বাঁধ দেননি বলে জানান। তিনি দাবি করেন তিনি কোনো জরিমানা দেননি। তবে ব্যবসায়ী মাহাবুবুল মাটি কাটার কথা স্বীকার করে জানান, তিনি নদীতে দেওয়া বাঁধটি কেটে ফেলবেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম রেজা বলেন, ওই স্থানে ইতিপূর্বে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। এরপরও মাটি কাটার বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।