তুঁতবাগানের তিন হাজার গাছ এক রাতে উজাড়
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে বাংলাদেশ রেশম বোর্ডের পাঁচ একর জমিতে থাকা তিন হাজার তুঁতগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। জমির মালিকানা দাবি করে একটি পক্ষ ২২ জানুয়ারি গাছগুলো কেটে ফেলে।
এ ব্যাপারে তুঁতবাগানের ব্যবস্থাপক লুৎফর রহমান বাদী হয়ে ২৭ জানুয়ারি ১৪ জনকে আসামি করে বীরগঞ্জ থানায় মামলা করেছেন।
বাংলাদেশ রেশম বোর্ডের বীরগঞ্জ উপজেলা সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ রেশম বোর্ডের কাছে বীরগঞ্জ উপজেলায় মোট ৩৯ দশমিক ১১ একর জমি হস্তান্তর করে। এর মধ্যে ৩৭ দশমিক ১১ একর খাস ও দুই একর কেনা। পাল্টাপুর ইউনিয়নে রেশম বোর্ডের ৮ দশমিক ১৬ একর জমিতে তুঁতবাগান করা হয়েছে। গাছগুলো থেকে বছরে ২০ লাখ টাকার রেশমের গুটি বিক্রি হতো। সেই টাকা পেতেন এলাকার গুটিপোকা পালনকারী উপকারভোগীরা।
দিনাজপুর থেকে বীরগঞ্জ যেতে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে ভাতগাঁও সেতু। এর ডান পাশ দিয়ে পূর্ব দিকে পাকা রাস্তার সাত কিলোমিটার গেলে পাল্টাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়। সেখানে পৌঁছার ঠিক আগে পড়ে তুঁতবাগান।
গত বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পাকা রাস্তার দুই ধারে পাশাপাশি চারটি বাগান আছে। এর মধ্যে রাস্তার উত্তর দিকে একটি ও দক্ষিণ দিকে দুটি বাগানের তুঁতগাছগুলো গোড়া থেকে কেটে ফেলা হয়েছে।
বাগানের নৈশপ্রহরী মোজাম্মেল হক জানান, ২২ জানুয়ারি রাতে ১৫০ থেকে ২০০ জন দুর্বৃত্ত চায়নিজ কুড়াল দিয়ে তিনটি বাগানের তিন হাজারের বেশি গাছ কেটে ফেলে। গাছ কাটার নেতৃত্ব দিয়েছেন বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আবদুল মোমিন এবং স্থানীয় মমতাজ খান, শাকিল খান, নাসিম খান, বকিল খান ও রাসেল খান। বিষয়টি দেখে তিনি তাৎক্ষণিকভাবে মুঠোফোনে বাগান ব্যবস্থাপক লুৎফর রহমান ও রেশম বোর্ডের বীরগঞ্জ কার্যালয়ের কর্মকর্তা কামরুল আহসানকে জানান। গাছ কাটার অভিযোগ সম্পর্কে জানতে আবদুল মোমিনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
গাছ কাটার কথা স্বীকার করে গতকাল বৃহস্পতিবার মমতাজ খান মুঠোফোনে জানান, ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের পর পাকিস্তান সরকার পাল্টাপুর ইউনিয়নে ১০ বিহারি পরিবারকে তিন একর করে মোট ৩০ একর জমি দেয়। দেশ স্বাধীন হওয়ার পর বিহারিরা পালিয়ে গেলে জমিগুলো বেদখল হয়ে যায়। এরপর প্রথমে আরডিআরএস ও পরে বাংলাদেশ রেশম বোর্ড তাদের কাছ থেকে জমিগুলো নেয়। সেই জমি ফিরে পেতে তারা আদালতে মামলা করেছে। আদালত তিনটি রায় তাদের পক্ষে দিয়েছেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে আবেদন করা হয়েছে। জেলা প্রশাসক দখল ছেড়ে দিতে বললেও রেশম বোর্ড জমি না ছেড়ে দেওয়ায় বাধ্য হয়ে দখল নিতে গাছগুলো কেটে ফেলা হয়েছে।
বাংলাদেশ রেশম বোর্ডের বীরগঞ্জ উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা কামরুল আহসান বলেন, আদালত থেকে রায় তাঁদের পক্ষে দেওয়া হলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশ রেশম বোর্ডের কাছে আসবে। কিন্তু এ ধরনের কোনো আদেশ তাঁদের কাছে আসেনি।
দিনাজপুর জেলা প্রশাসক শামীম আল রাজী বলেন, ওই জমির মালিক জেলা প্রশাসন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়। রেশম বোর্ড ওই জমি পেয়েছে। যারা গাছ কেটেছে, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মামলার তদন্ত কর্মকর্তা বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এইচ এম নাজমুল হক বলেন, পুলিশ সরেজমিনে ঘটনা তদন্ত করেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা করছে।