তুচ্ছ ঘটনায় বাড়িঘরে হামলা, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শংকর বেপারী নামের এক ব্যক্তির বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। তাঁর পাঁচ একর জমির তরমুজখেতও তছনছ করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর টেপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পুলিশ স্থানীয় কুলায়ের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুস ছালামসহ (৫৫) পাঁচজনকে আটক করেছে।
শংকরের পরিবারের অভিযোগ, শুক্রবার বিকেলে উত্তর টেপুরা গ্রামে একটি সালিস বৈঠকে সালিসদার আবদুস ছালাম ও শংকরের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ছালাম দেখে নেওয়ার হুমকি দেন শংকরকে। পরে রাত তিনটার দিকে ছালামের ছেলে রিয়াজ মৃধার (২৪) নেতৃত্বে ১০-১৫ জন যুবক রামদা, ছেনি নিয়ে প্রথমে শংকরের বসতঘরে ভাঙচুর ও লুটপাট করেন। এ সময় ঘরের নারী-শিশুরা বাইরে চলে যায়। একপর্যায়ে যুবকেরা রামদা দিয়ে ঘরের দরজা-জানালা এলোপাতাড়ি কোপান। পরে যুবকেরা নমিতা দাসীর বাড়িতে অবস্থিত রাধাগোবিন্দ মন্দিরে হামলা করেন। মন্দিরের দরজা-জানালা ও বেড়ায় কোপ দেন।
মন্দিরের সেবায়েত নমিতা দাসী বলেন, মন্দিরে হ­ামলা চালিয়ে যুবকেরা মন্দির থেকে রাধাগোবিন্দের একটি প্রতিমা নিয়ে যান। এরপর তাঁরা শংকরের তরমুজখেতে যান। সেখানে তাঁরা কয়েক ঘণ্টা ধরে শত শত পাকা-আধা পাকা তরমুজ রামদা, ছেনি দিয়ে কুপিয়ে নষ্ট করে ফেলেন। এভাবে প্রায় তিন লাখ টাকার ফসলের ক্ষতি করা হয়।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে শংকর বেপারী গতকাল দুপুরে বলেন, ‘সামান্য কথা-কাটাকাটির জের ধরে ওরা (ছালাম ও তাঁর ছেলে) আমার এত বড় সর্বনাশ করবে, তা ভাবতে পারিনি।’
হলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু ছালেহ বলেন, ‘শুক্রবার বিকেলে স্থানীয় পরান বেপারী ও তাঁর স্ত্রী পুষ্প রানীর মধ্যে পারিবারিক বিরোধ মীমাংসার জন্য একটি সালিস বৈঠক হয়। সেখানে তিনি, আবদুস ছালাম ও স্থানীয় হিন্দু সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেখানে ছালাম ও শংকরের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। আমরা তাৎক্ষণিক সেটা মীমাংসা করে দিই। এর পরও এত বড় ঘটনা ঘটবে, সেটা কল্পনাও করতে পারিনি।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল সকালে ছালাম, তাঁর স্ত্রী ও ছেলের স্ত্রী এবং পরান বেপারী ও লোকমান হোসেন চৌকিদারকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। শংকরকে পুনর্বাসনের পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পাঁচজনকে আটক করা হয়। জড়িত অন্যদের আটক করতে পুলিশি অভিযান চলছে।