জামালপুর সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শরিফপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত অধ্যক্ষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে শরিফপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসাটির একটি নতুন ভবনের নির্মাণকাজ চলছে। মাদ্রাসার সামনের একটি সড়ক দিয়ে নির্মাণসামগ্রী আনছিল মাদ্রাসার কর্তৃপক্ষ। নির্মাণসামগ্রী নিয়ে ট্রাক চলাচল করায় সড়কটির ইটের সোলিং উঠে পুরো রাস্তা কাদায় ভরে গেছে। এ নিয়ে অধ্যক্ষ ওমর ফারুক ও মাদ্রাসার সামনের বাড়ির মালিক ওয়াজেদ আলীর বিরোধ তৈরি হয়। গতকাল সকালে ওই সব বিষয় নিয়ে তাঁদের দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় ওয়াজেদ আলী তাঁর পক্ষের লোকজন নিয়ে অধ্যক্ষকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন অধ্যক্ষকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদ্রাসার আরবির শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘ভবনের নির্মাণসামগ্রী আনতে গিয়েই সড়কটি একটু কাদাযুক্ত হয়ে পড়েছে। এতে ওয়াজেদ আলী ও তাঁর আত্মীয়স্বজনেরা আমাদের কয়েক দিন ধরে গালিগালাজ করছেন। বিষয়টির সুরাহা করতে সকালে মাদ্রাসার সব স্টাফসেখানে গেলে তিনি আমাদের গালিগালাজ শুরু করেন। তোপের মুখে অনেকটা বাধ্য হয়ে অধ্যক্ষসহ আমরা চলে আসি। কিন্তু বেলা ১১টার দিকে ওই সড়ক দিয়ে যাওয়ার পথে তিনি (ওয়াজেদ আলী) ও তাঁর লোকজন অধ্যক্ষের ওপর হামলা করে তাঁকে ব্যাপক মারধর করেন।’
ওয়াজেদ আলী বলেন, ‘মাদ্রাসার নির্মাণসামগ্রীর কারণে সড়কটি কাদায় একাকার হয়ে গেছে। কাদার কারণে চলাচলই করা যাচ্ছিল না। এ অবস্থায় অধ্যক্ষকে আমার বাড়ির লোকজন সড়কে এক ট্রাক রাবিস ফেলতে বলেছেন। সকালে এসে অধ্যক্ষ বাড়ির সামনে গালিগালাজ শুরু করে দেন। এ নিয়ে তাঁর সঙ্গে হাতাহাতি হয়।’ তবে অধ্যক্ষকে মারধরের অভিযোগ অস্বীকার করেন ওয়াজেদ আলী।
অধ্যক্ষ মুঠোফোনে বলেন, ওয়াজেদ আলী তাঁর ওপর হামলা চালিয়েছেন। এতে তিনি গুরুতর আহত হন।
জামালপুর সদর থানার ওসি নাছিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়েছিল। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।