তুচ্ছ ঘটনার জেরে ভাঙচুর ও লুটপাট
ধর্মীয় বিষয় নিয়ে তর্কের জের ধরে পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামে কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় চার নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গত শনিবার রাতে ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় সবুজ চন্দ্র মাঝি গতকাল রোববার ১০ জনের নামোল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। সোবাহান (৬০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, ধর্মীয় বিষয় নিয়ে শনিবার সন্ধ্যায় ওই গ্রামের আশুরির হাটে স্থানীয় সুরেন মাঝির সঙ্গে একই গ্রামের উজ্জ্বল (২৫), আল-আমিন (২৩), আবুল মীর (৩০) ও সবুজের (২৪) কথা-কাটাকাটি হয়। এর জেরে রাত নয়টার দিকে উজ্জ্বল, আল-আমিন, আবুল ও সবুজের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল রামদা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। সুরেন মাঝি, কালা চান মাঝি, শ্যামল হালদার ও জগলুল হালদারের বসতঘরসহ মোট ১৭টি ঘর ভাঙচুর ও লুটপাট করে তারা। এ সময় তারা আলো রানী (৪৫), রেনু বালা (৩৫), ভব রঞ্জনসহ (৫৫) কমপক্ষে ১৫ জনকে পিটিয়েও আহত করে। এঁদের তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া সোবাহান ঘটনা জড়িত ছিলেন না বলে দাবি করেন।