
সিলেটে শিশু সামিউল, খুলনায় রাকিব, বরগুনায় রবিউলকে অপবাদ-অজুহাতে নিষ্ঠুর নির্যাতন চালিয়ে হত্যার পর দেশে চলছে নিন্দা-প্রতিবাদের ঝড়। কিন্তু শিশুদের ওপর নিষ্ঠুরতা যেন থামছেই না। গত রোববার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত নেত্রকোনার কেন্দুয়া, পটুয়াখালীর রাঙ্গাবালী, বরগুনার পাথরঘাটা এবং দিনাজপুরের হাকিমপুরে তুচ্ছ ঘটনায় আরও চার শিশুকে করা হয়েছে নির্যাতন।
নেত্রকোনা: কেন্দুয়া উপজেলায় খালিদ সাইফুল্লাহ (১১) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে ঘাস কাটার কাঁচি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছেন এক যুবক। এ অভিযোগে পুলিশ আল আমিন নামের ওই যুবককে আটক করেছে। আহত খালিদকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়।
শিশুর পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে মগড়াইল গ্রামের শহীদ খাঁর ছেলে খালিদ ধান বহন করার কাজে ব্যবহৃত ঠেলাগাড়ি নিয়ে বাসা থেকে বাঁশাটি বাজারের দিকে যাচ্ছিল। এ সময় রাস্তার ধারে ঘাস কাটতে থাকা একই গ্রামের মতিউর রহমানের ছেলে আল আমিনের ঘাসের খাঁচায় ঠেলাগাড়ির ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে আল আমিন তাঁর হাতে থাকা কাঁচি দিয়ে খালিদের মুখ, গলা ও ঘাড়ে আঘাত করেন। এটা দেখে আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করেন। আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়। আর আল আমিনকে আটকে পুলিশে দেওয়া হয়।
থানায় নিয়ে যাওয়ার পর অনুসন্ধানে পুলিশ জানতে পারে, আটক আল আমিন একই গ্রামের অপর এক শিশুকে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। ২০০৭ সালে গ্রামের নাদু ফকিরের চার মাস বয়সী শিশু লিজাকে আছড়ে হত্যার ওই ঘটনা ঘটেছিল। ৪ আগস্ট নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুল হামিদ এ ঘটনার মামলায় আল আমিনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
পুরো বিষয় নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বলেন, আল আমিনকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পটুয়াখালী: রাঙ্গাবালী উপজেলার মনিপাড়া গ্রামে সজীব নামের (১৩) এক শিশুকে নির্যাতন করা হয়েছে। একপর্যায়ে সে অচেতন হয়ে যায়। আড়াই ঘণ্টা পর চেতনা ফেরে তার। রাঙ্গাবালী থানার ওসি মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আর নির্যাতনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তির ভাই।
মনিপাড়া গ্রামের বাসিন্দা আব্বাস চৌধুরীর অভিযোগ, নয়াভাঙ্গুনি গ্রামের মো. খলিল সরদারের ছেলে সজীব তাঁর বাড়িতে কাজ করত। গত সোমবার বিকেলে সজীব অন্য ছেলেদের সঙ্গে মাঠে খেলছিল। এ সময় টুঙ্গিবাড়িয়া গ্রামের ওয়াদুদ মল্লিকের একটি মহিষ তাঁর (আব্বাস চৌধুরী) শিশুসন্তানকে তাড়া করলে সজীব লাঠি দিয়ে মহিষটিকে পিটিয়ে সরিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওয়াদুদ মল্লিক সজীবের গলায় গামছা পেঁচিয়ে তাকে মারধর করেন। একপর্যায়ে গাছের সঙ্গে বেঁধে পেটাতে থাকেন। এটা দেখে জেবা বেগম নামের এক নারী এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয়।
আব্বাস চৌধুরী আরও অভিযোগ করেন, ‘সজীবকে চিকিৎসার জন্য গলাচিপা হাসপাতালে নেওয়ার পথে ওয়াদুদ মল্লিক ও তাঁর ভাই জলিল মল্লিকের চাপে আমরা বাসায় ফিরে আসি। এখন স্থানীয়ভাবে শিশুটির চিকিৎসা করানো হচ্ছে।’
বরগুনা: পাথরঘাটা উপজেলার জালিয়াঘাটা গ্রামে গত সোমবার সন্ধ্যায় টুটুল হাওলাদার (১৩) নামের এক মেধাবী শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মাছ ধরার চাঁই (বাঁশের তৈরি ফাঁদ) বসানোকে কেন্দ্র করে প্রতিবেশী খলিলুর রহমান ও তার দুই ভাই শিশুটিকে বেধড়ক পিটিয়ে ও কিল-ঘুষি মেরে আহত করে। টুটুল রূপধন বন্দর আমিরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ফার্স্ট বয়।
শিশুটির পরিবারের অভিযোগ, সোমবার বিকেলে জালিয়াঘাটা গ্রামের পনু হাওলাদারের ছেলে টুটুল নিজেদের জমিতে চাঁই পাতছিল। এ সময় প্রতিবেশী খলিলুর বাধা দেন। একপর্যায়ে হাতে থাকা খেজুরগাছের লাঠি দিয়ে টুটুলকে বেধড়ক পেটান খলিলুর। মারধরে খলিলুরের ভাই জলিল ও আবদুর রবও অংশ নেন। একপর্যায়ে টুটুল জমিতে আটকে থাকা পানিতে লুটিয়ে পড়ে।
খবর পেয়ে পরিবারের লোকজন টুটুলকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন টুটুলের বাবা। অভিযোগ প্রসঙ্গে জানতে চেয়ে খলিলুর রহমানের মুঠোফোনে কল করলে তাঁর মেয়ে শারমিন আকতার বলেন, ‘এসব ঘটনা আমার জানা নেই। তবে বাবাকে এখন পাওয়া যাবে না। তিনি দূরে আছেন।’
দিনাজপুর: হাকিমপুর উপজেলা পরিষদ শিশুনিকেতন ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ফারহান হাসিবকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের অধ্যক্ষ নুরুল ইসলামের বিরুদ্ধে।
ফারহান জানায়, গত রোববার সকালে বিদ্যালয়ে গিয়ে সে প্রধান ফটকের লোহার দুটি অংশ পড়ে থাকতে দেখে। অপর দুই ছাত্র নাঈম ও মোস্তাকিমকে নিয়ে সে বিষয়টি অধ্যক্ষ নুরুল ইসলামকে জানায়। তখন তিনি একটি কক্ষে তাদের আটকে বেত দিয়ে বেধড়ক পেটান। এতে তার (হাসিব) শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
হাসিবের বাবা আখতার হোসেন জানান, ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়েছেন। এ ব্যাপারে অধ্যক্ষ নুরুল ইসলাম প্রথম আলোর কাছে দুঃখ প্রকাশ করে জানান, প্রথম দেখে বিষয়টিতে ওই তিন ছাত্র জড়িত ছিল বলে জানতে পেরেছিলেন। পরে তারা জড়িত নয় বলে জানতে পারেন। এতে তিনি তাদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: নিজস্ব প্রতিবেদক, বরগুনা; কেন্দুয়া (নেত্রকোনা), গলাচিপা (পটুয়াখালী), বিরামপুর (দিনাজপুর) ও পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি}