তুচ্ছ ঘটনায় কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে মো. রিয়াজ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদর আলেকজান্ডারে লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড এলাকায় খাবারের দোকান ‘গ্রামীণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে’ এ ঘটনা ঘটে। রিয়াজ ওই দোকানের কাজ করত।

রিয়াজের পরিবার এ ঘটনার জন্য হোটেলের মালিক আবদুজ জাহেরকে দায়ী করেছেন। ঘটনার পর থেকে হোটেল মালিক পলাতক রয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সোমবার রাতেই আবির (১৪) নামে ওই হোটেলের এক কর্মচারীকে আটক করেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হোটেলের আরেক কর্মচারী সুমনের (১৩) ভাষ্যমতে, রাত সাড়ে ৮টার দিকে হোটেলের রান্নাঘরে কাজ নিয়ে আবির ও রিয়াজের মধ্যে ঝগড়া হয়। ওই সময় দুইজনেই পরস্পরকে কিলঘুষি ও লাথি মারে। একপর্যায়ে রিয়াজ অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। পরে হোটেলের মালিক আবদুজ জাহের তাকে ডাক্তারের কাছে নিয়ে যান।

নিহত রিয়াজের চাচা মো. সালেহ উদ্দিন বলেন, ঘটনার পর রিয়াজকে নিয়ে জাহের আলেকজান্ডার বাজারের একটি ওষুধের দোকানে যান। সেখানে অবস্থার অবনতি দেখে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রিয়াজকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় রিয়াজের সঙ্গে আসা লোকজন তার লাশ হাসপাতালে ফেলে কৌশলে পালিয়ে যান। পরে বিষয়টি স্থানীয় সুধারাম থানায় জানানো হয়।

সুধারাম থানার উপপরিদর্শক নেপাল কৃষ্ণ মজুমদার বলেন, রিয়াজের তলপেটে আঘাতজনিত দাগ ছিল। ময়নাতদন্ত শেষে তার লাশ রামগতি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রামগতি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইউছুফ আলী বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবির নামের একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া হোটেল মালিকের ভাইসহ চার কর্মচারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।