তুচ্ছ ঘটনায় খুন
আগাছার স্তূপ রাখাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়শৌলা গ্রামে গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সোহরাব হোসেন হাওলাদার (৫০)। তিনি বড়শৌলা গ্রামের মৃত চান্দু হাওলাদারের ছেলে। সোহরাব হোসেন তরকারি ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে সোহরাব ধানখেতে মাছ ধরার জন্য চাঁই পাততে যান। এ সময় সোহরাব খেতের মধ্যে থাকা আগাছার স্তূপ ঠেলে পাশে চাচাতো ভাই আলম হাওলাদারের জমিতে রাখেন। এ নিয়ে আলম হাওলাদার ও তাঁর ছেলে মিরাজ, রফিক ও জালালের সঙ্গে সোহরাবের ঝগড়া বাধে। একপর্যায়ে তাঁরা সোহরাবকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই সোহরাব মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
মিরুখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোবহান শরিফ বলেন, নিহত সোহরাব ও আলম চাচাতো ভাই।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ওই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত জালাল নামের একজনকে আটক করা হয়েছে।