তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে তুচ্ছ ঘটনার জের ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। এতে পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নতুন করে সংঘাত এড়াতে গতকাল শুক্রবার দিনভর ছাতারপাইয়া বাজারে দাঙ্গা পুলিশ মোতায়েন রাখা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের ভাষ্য, ছাতারপাইয়া ইউনিয়নের পশ্চিম ছাতারপাইয়া গ্রামের একদল কিশোর বৃহস্পতিবার বিকেলে পাশের খাজুরিয়া গ্রামে ক্রিকেট খেলতে যায়। খেলা শেষে সন্ধ্যায় ওই কিশোরেরা বাড়ি ফেরার পথে সোনাকান্দি গ্রামের এক প্রবাসীর নতুন বাড়ি দেখে ‘আপত্তিকর’ মন্তব্য করে। এ সময় আশপাশের কয়েকজন ব্যক্তি ওই মন্তব্য শুনে কিশোরদের মারধর করে।

এ ঘটনার খবর পশ্চিম ছাতারপাইয়া গ্রামে পৌঁছালে গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে ছাতারপাইয়া বাজারে জড়ো হতে থাকে। পাল্টা সোনাকান্দি গ্রামের লোকজনও সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে বাজারে হাজির হয়। একপর্যায়ে রাত সাড়ে আটটার দিকে দুই পক্ষ একে অন্যকে লক্ষ্য করে ইট–পাটকেল ছুড়তে শুরু করে। এরপর তাঁরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একই সময় সোনাইমুড়ী থানা থেকে পুলিশের আরেকটি দল আসে। এ সময় সংঘর্ষকারীরা পুলিশকে লক্ষ্য করেও ইট–পাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষের সময় বাজারের সাত-আটটি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ৪৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করা হয়। হামলায় তিন পুলিশের উপপরিদর্শকসহ পাঁচ সদস্য আহত হয়েছেন। পুলিশের ওপর হামলার ঘটনায় ৭১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্র জানায়, আহত পুলিশ সদস্যদের সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া সংঘর্ষে গ্রামবাসীর মধ্যে আবদুল আজিজ, জাহাঙ্গীর আলম ও মো. কামরুল নামের তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষের ঘটনার জের ধরে গতকাল সারা দিন ছাতারপাইয়া বাজারের বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। গতকাল দিনভর বাজারে দাঙ্গা পুলিশ মোতায়েন রাখা হয়।