তুচ্ছ ঘটনায় পিটিয়ে স্কুলছাত্রকে হত্যা
চট্টগ্রামে তুচ্ছ ঘটনায় একদল যুবক-কিশোরের পিটুনিতে আহত হওয়ার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ইসমাইল গনি (১৪) নামের এক স্কুলছাত্র। ইসমাইল নগরের বাকলিয়ার জুলেখা আমিনুর রহমান সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত।
ইসমাইলের বাবা জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, ১৯ মে বিকেলে ক্রিকেট খেলা নিয়ে ইসমাইল ও তার বন্ধুদের সঙ্গে স্থানীয় কিছু কিশোর-যুবকের বিতণ্ডা হয়। এর জের ধরে ওই দিন সন্ধ্যায় কোচিং শেষে বাসায় ফেরার পথে বাকলিয়া এলাকার জামাই বাজারে তাঁর ছেলের ওপর হামলা হয়। কিল-ঘুষি ও ধারালো অস্ত্র দিয়ে ইসমাইলকে আঘাত করে পালিয়ে যায় তারা। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তিনি। চার দিন পর গতকাল মঙ্গলবার বিকেলে মারা যায় সে।
ইসমাইলকে হত্যাচেষ্টার অভিযোগে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েজনকে আসামি করে ঘটনার রাতে বাকলিয়া থানায় মামলা করেন তার মা নীলু আক্তার।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এক কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছেলেটি মারা যাওয়ায় হত্যাচেষ্টার মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইসমাইলকে পেটানোর কথা স্বীকার করেছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।