তুচ্ছ ঘটনায় মুখের ওপর ব্যাটের বাড়ি, কাঠমিস্ত্রির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেট ব্যাটের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার খালাসি পুকুর পাড় এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম মো. এয়াকুব (৫০)। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। খালাসি পুকুর পাড় এলাকায় তাঁর একটি দোকান রয়েছে।

এয়াকুবের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল রাতভর অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. সানি, মো. নাদিম ও মো. আক্কাস।

নগরের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুর রহমান জানান, খালাসি পুকুর পাড় এলাকায় একটি ছোট রাস্তায় গতকাল রাতে একটি ট্রাক ঢোকে। ট্রাকটি এয়াকুবের দোকানের সামনে আটকে যায়। এ নিয়ে যাঁরা ট্রাক ঢুকিয়েছেন, তাঁদের সঙ্গে এয়াকুবের কথা-কাটাকাটি হয়। এয়াকুব গালমন্দ করতে থাকেন। একপর্যায়ে এয়াকুবকে মারধর করেন আসামিরা। এ সময় ক্রিকেটের ব্যাট দিয়ে এয়াকুবের মুখে আঘাত করা হয়।

তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় এয়াকুবের স্ত্রী পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন বলে জানায় পুলিশ।