তুচ্ছ ঘটনায় সাংবাদিককে মারধর করল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ‘বিজয়’ পক্ষের নেতা-কর্মীরা একটি স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার রাতে নগরের বটতলী স্টেশন থেকে ছেড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার হওয়া সাংবাদিক জয় দাশ দৈনিক প্রিয় চট্টগ্রাম-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। তিনি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। জয় দাশ প্রথম আলোকে বলেন, শুক্রবার রাতে শাটল ট্রেনে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার সময় তাঁর আসনের পাশে ছাত্রলীগের বিজয় পক্ষের পাঁচজন কর্মী বসেছিল। তাঁদের মধ্যে একজন তাঁর শরীর ঘেঁষে বসেছিল। অস্বস্তি বোধ করায় তাঁকে হাত নামিয়ে বসার অনুরোধ করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে পাঁচ কর্মী তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে তাঁকে মারতে থাকেন।
জানতে চাইলে ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার স্থগিত হওয়া কমিটির সাধারণ সম্পাদক ও বিজয় পক্ষের সভাপতি ফজলে রাব্বি সুজন বলেন, শাটল ট্রেনে দুজন ছাত্রের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছে। ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতারা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতাদের সঙ্গে বসে বিষয়টির ফয়সালা করেছেন। নেতা-কর্মীদের সতর্ক করা হয়েছে ভবিষ্যতে কেউ যাতে এ ধরনের কাজ না করে।
তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক বলেছেন, ছাত্রলীগের কর্মীদের সঙ্গে মীমাংসার চেষ্টা সফল হয়নি। আলোচনার সময় তাঁরা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এ ঘটনায় সাংবাদিক সমিতির পক্ষ থেকে গতকাল দুপুরে হামলাকারীদের শাস্তি দাবি করে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’