তুরাগ থেকে সেই শিশুর লাশ উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাক চাপাইর এলাকায় তুরাগ নদ থেকে গতকাল সোমবার সকালে একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে চুরি করে বিক্রি করতে না পেরে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শিশুটির নাম নুসরাত জারা (৩)। সে কালিয়াকৈরের বাক চাপাইর এলাকার মোবারক হোসেনের মেয়ে। ১ জানুয়ারি তাকে অপহরণ করা হয়।
শিশুটির পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নুসরাতের জন্মদিন ছিল ১ জানুয়ারি। ওই দিন দুপুরে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে সে খেলছিল। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজে নামে। কিন্তু কোথাও পাওয়া যায়নি।
পরদিন কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর কয়েক দিন পর শিশুটির পরিবার বিভিন্নভাবে জানতে পারে, নুসরাত খেলার সময় একই এলাকার মোসলেমের বাড়ির ভাড়াটে রিনা আক্তার কৌশলে তাকে তুলে নিয়ে যায়। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ১৯ জানুয়ারি আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রী মালা আক্তার এবং আনোয়ারের খালাতো বোন রিনা আক্তারকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা শিশুটিকে চুরি করার কথা স্বীকার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে উপজেলার বাক চাপাইর এলাকায় তুরাগ নদে কচুরিপানার পাশে একটি শিশুর লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে নুসরাতের পরিবার এসে লাশটি শনাক্ত করে। পুলিশ অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। শিশুটির গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছিল। কিন্তু কোথাও পাওয়া যায়নি। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাঁদেরও গ্রেপ্তার করা হবে।
গ্রেপ্তারকৃত তিনজনকে ১৯ জানুয়ারি আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।