তুরাগ নদে অভিযান
তুরাগ নদ ভরাট করে বালুর গদি সাজিয়ে ব্যবসা চললেও উচ্ছেদ অভিযানের সময় কোনো মালিককে খুঁজে পাওয়া গেল না। অবশেষে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) তিনটি গদি নিলামে দিয়ে তিন লাখ টাকা আয় করল। ভেঙে দিল নদ থেকে বালু টানার ১৩টি ড্রেজার পাইপ ও বাঁশের সারি।
গতকাল মঙ্গলবার রাজধানীর সিন্নিরটেক এলাকায় এই অভিযান চলে। ১৯ ডিসেম্বর প্রথম আলোয় তুরাগ নদ ভরাট ও গদির বিষয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে গতকালের অভিযান পরিচালিত হয় বলে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান।
একটি এক্সকাভেটর, পুলিশের একীভূত কিছু আনসার নিয়ে সকাল ১০টার দিকে অভিযান শুরু হয়। নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর ম্যাজিস্ট্রেট সরওয়ার আহমেদ সালেহি। এ সময় নদের পাড়ে জড়ো হয় অনেক কৌতূহলী মানুষ। খানিক পরে এক দল র্যা বও আসে। কিন্তু অবৈধভাবে নদের অংশ ভরাট করে গড়ে তোলা ১৩টি বালুর গদির মালিকদের কাউকে পাওয়া যায় না। পরে এক্সকাভেটর দিয়ে একে একে ভাঙা হয় বালু টানা ১৩টি ড্রেজার এবং বাঁধা বাঁশের সারি।
বালুর গদিগুলোর মালিকদের খুঁজে না পেয়ে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা তা নিলামে দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রতিটি এক লাখ করে মোট তিনটি গদির নিলাম নেন স্থানীয় তিন ব্যবসায়ী। একপর্যায়ে দর্শনার্থীদের ভিড় থেকে কয়েকজন লোক বেরিয়ে এসে বলেন, এখানে নিচু জমি পানি উন্নয়ন বোর্ডের, বিআইডব্লিউটিএ গদির নিলাম দিতে পারে না। এ সময় ঢাকা বন্দর কর্মকর্তা মো. শহীদউল্লাহ বলেন, নদীর জায়গা সরকারি জায়গা, বিআইডব্লিউটিএর দখলদার উচ্ছেদে কোনো সমস্যা নেই।
এ সময় এক ব্যক্তি বলেন, স্থানীয় থানা-পুলিশকে মাসোহারা দিয়ে বালুর ব্যবসা করা হয়। মাসোহারা দেওয়ার বিষয়টি ওই ব্যক্তি কীভাবে জানেন, তিনি নিজেই দেন কি না—বিআইডব্লিউটিএর একজন কর্মকর্তা প্রশ্ন করলে ওই ব্যক্তি দ্রুত সরে যান।
জানা যায়, সিন্নিরটেকে তুরাগ নদের পাড়ের জমি পাউবোর অধিগ্রহণ করা। দখলদারেরা এসব জমি ও নদের অংশ ভরাট করে। পাউবোর গোরান চটবাড়ি পাম্পস্টেশনের তিনজন কর্মকর্তা গোপনে স্থানীয় কিছু লোকের কাছে এসব জায়গা ভরাটের মৌখিক অনুমতি দিয়েছিলেন। গতকাল অভিযানকালে পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো আপত্তি জানানো হয়নি, আবার কোনো প্রতিনিধি উপস্থিতও ছিলেন না।