তুরাগ নদে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার
ঢাকার সাভারে তুরাগ নদে নিখোঁজ দুজনের লাশ গতকাল বুধবার পাওয়া গেছে। সকাল নয়টার দিকে বিরুলিয়ার শ্মশানঘাট এলাকার নদ থেকে ডুবুরিরা লাশ দুটি উদ্ধার করেন।
মৃত দুজন হলেন গাজীপুরের কাশিমপুর এলাকার কুযরত আলী মোল্লার ছেলে মিনহাজ উদ্দিন মোল্লা (১৭) ও অলিউল্লাহর ছেলে মিজানুর রহমান (২৮)। মিনহাজ একটি ‘সাউন্ড সিস্টেমের’ দোকানে চাকরি করতেন। মিজান মুদি দোকানদার ছিলেন।
সাভার মডেল থানার পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার কাশিমপুর এলাকার ২০ থেকে ২৫ জন যুবক, তরুণ ও কিশোর ট্রলার নিয়ে সাভারের বিরুলিয়া এলাকায় বনভোজনে যান। তাঁরা তুরাগ নদের বিরুলিয়া শ্মশানঘাট এলাকায় ট্রলার বেঁধে খাওয়ার আয়োজন করেন। একফাঁকে মিনহাজ নদে গোসল করতে নেমে তলিয়ে যান। তাঁকে উদ্ধারে নদে নামলে মিজানুরও ডুবে যান। খবর পেয়ে গাজীপুরের টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাঁদের উদ্ধারে তৎপরতা শুরু করে। রাত আটটা পর্যন্ত তাঁদের সন্ধান না পেয়ে উদ্ধারকাজ সমাপ্ত রাখা হয়। গতকাল সকালে আবার অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফ মিয়া বলেন, ডুবে যাওয়ার স্থান থেকে ৩০০ ফুট দূরে লাশ দুটি পাওয়া যায়। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।