তুরাগ নদে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার
ঢাকার সাভারের তুরাগ নদে নিখোঁজ দুজনের লাশ পাওয়া গেছে। আজ বুধবার সকাল নয়টার দিকে সাভারের বিরুলিয়ার শ্মশানঘাট এলাকায় পানির নিচ থেকে লাশ দুটি উদ্ধার করেন ডুবুরিরা।
মৃত দুজন হলেন গাজীপুরের কাশিমপুরের কুযরত আলী মোল্লার ছেলে মিনহাজ উদ্দিন মোল্লা (১৭) ও একই এলাকার ওলি উল্লাহর ছেলে মিজানুর রহমান (২৮)। মিনহাজ একটি ‘সাউন্ড সিস্টেমের’ দোকানে চাকরি করতেন। আর মিজান ছিলেন মুদি দোকানদার।
সাভার মডেল থানার পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর এলাকার ২০ থেকে ২৫ জন যুবক, তরুণ ও কিশোর ট্রলার নিয়ে সাভারের বিরুলিয়া এলাকায় বনভোজনে যান। তাঁরা তুরাগ নদের বিরুলিয়ার শ্মশানঘাট এলাকায় ট্রলার বেঁধে খাওয়ার আয়োজন করছিলেন। এক ফাঁকে মিনহাজ তুরাগ নদে গোসল করতে নেমে তলিয়ে যান। তাঁকে উদ্ধারে নদীতে নামলে মিজানুরও তলিয়ে যান। এরপর তাঁদের খোঁজে নামে ডুবুরি দল। রাত আটটা পর্যন্ত তাঁদের সন্ধান না পেয়ে উদ্ধারকাজ সমাপ্ত রাখা হয়। এরপর আজ সকাল থেকে আবার শুরু হয়।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফ মিয়া বলেন, ডুবে যাওয়ার স্থল থেকে ৩০০ ফুট দূরে একই এলাকায় তাঁদের লাশ পাওয়া যায়। লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।