তুরাগ নদের পাড়ে পোশাকশ্রমিক গণধর্ষণের শিকার
গাজীপুরের টঙ্গীতে এক পোশাকশ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। তিনি টঙ্গীর মিলগেট এলাকার হামীম পোশাক কারখানায় চাকরি করেন। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় তুরাগ নদের পাড়ে গণধর্ষণের শিকার হন ওই নারীশ্রমিক।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকার ওই নারীশ্রমিক টঙ্গীর কাঁঠালদিয়া জালাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন। ভাড়া বাসায় থেকে টঙ্গীর মিলগেট এলাকার হামীম পোশাক কারখানায় চাকরি করেন তিনি। গত শুক্রবার রাত সোয়া আটটার দিকে কারখানার কাজ সেরে কাঁঠালদিয়ার বাসায় ফিরছিলেন ওই নারীশ্রমিক। এ সময় অন্ধকার পথে স্থানীয় রুবেল মিয়া ও তার অপর দুই সঙ্গী তাঁর মুখ বেঁধে পাশের তুরাগ নদের পাড়ে নিয়ে যায়। সেখানে তাঁকে পালাক্রমে ধর্ষণ করে তারা পালিয়ে যায়।
পরে আশপাশের লোকজন ওই পোশাকশ্রমিককে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ধর্ষিতা নিজেই বাদী হয়ে টঙ্গী থানায় একটি মামলা করেছেন। বখাটে রুবেলসহ দুই যুবক তাঁকে বেশ কয়েক দিন ধরে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল বলে এলাকাবাসী জানান।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।