তুরাগ নদের সীমানা পিলার উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরাগ নদের তীরে বসানো খুঁটিগুলো নিশ্চিহ্নের পথে। ছবিটি পদ্মাশাহ্‌ সেতু এলাকা থেকে শনিবার তোলা
তুরাগ নদের তীরে বসানো খুঁটিগুলো নিশ্চিহ্নের পথে। ছবিটি পদ্মাশাহ্‌ সেতু এলাকা থেকে শনিবার তোলা

তুরাগ নদে বসানো প্রায় সাড়ে আট হাজার সীমানা খুঁটির অনেকগুলো অদৃশ্য হয়ে গেছে। কিছু খুঁটি বাঁকা হয়ে নদের তীরে হেলে পড়েছে। গত শনিবার তুরাগ নদের প্রায় ২০ কিলোমিটার অংশ ও তীর এলাকা ঘুরে এ অবস্থা দেখা যায়।
সূত্র জানায়, ২০১১ ও ১৩ সালে দুই দফায় তুরাগের মিরপুর ও টঙ্গী অংশে সাত হাজার ৩৮৪টি সীমানা পিলার বসানো হয়। এগুলো বসানোর ক্ষেত্র তৈরি করেছিল জেলা প্রশাসন ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বাস্তবায়ন করেছিল গণপূর্ত অধিদপ্তর। বিআইডব্লিউটিএর অভিযোগ, নিম্নমানের সিমেন্ট-বালু দেওয়ায় এবং খুঁটির গভীরতা কম থাকায় অনেক খুঁটি পড়ে যাচ্ছে। একেকটি খুঁটি ২০ হাজার টাকা খরচ দেখানো হলেও আসলে খরচ হয় সাত হাজার থেকে আট হাজার টাকা। অন্যদিকে গণপূর্ত অধিদপ্তর বলছে, বিআইডব্লিউটিএর রক্ষণাবেক্ষণের অভাবে খুঁটিগুলো হারিয়ে যাচ্ছে।
এসব খুঁটি বসানোর সময় সীমানা নির্ধারণ করা হয় সিএস জরিপের (ক্যাডেস্ট্রাইল সার্ভে) পরিবর্তে আরএস জরিপের (রিভাইস সার্ভে) ভিত্তিতে। অথচ হাইকোর্ট ২০০৯ সালের ২৫ জুন নির্দেশ দিয়েছিলেন, সিএস অনুসারে নদীপাড় দখলমুক্ত করতে হবে। পরে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা বিবেচনায় রেখে জনস্বার্থে পরের বছরের ২১ মার্চ সিএস ও আরএস জরিপ অনুসারে স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়। জানা যায়, বিভিন্ন নদীতে খুঁটি বসানোর সময় হাইকোর্টের নির্দেশ মানা হয়নি। হাইকোর্টের নির্দেশ ছিল নদীর ঢালের ১৫০ ফুট দূরে সীমানা খুঁটি বসাতে হবে। এ বিষয়ে নদীবিষয়ক টাস্কফোর্সের সিদ্ধান্তও অনুসরণর করা হয়নি।
নৌযান থেকে এবং তীরভূমি ঘুরে দেখা যায়, তুরাগের টঙ্গী অংশের যেখানে শিল্পকারখানা, সেখানে বেশির ভাগ খুঁটির কোনো অস্তিত্ব নেই। এ রকম শিল্পকারখানা পাওয়া গেল অন্তত ১০০টি। আশুলিয়ার দিকে আসার পথে পদ্মাশাহ্ সেতুর দুপাশে কিছু খুঁটি দেখা যায়, কিন্তু বেশির ভাগই হয় কাত হয়ে আছে, অথবা মাটিতে শুয়ে পড়েছে।
টঙ্গী প্রান্ত থেকে গাবতলী পর্যন্ত আসার পথে দেখা গেল, টঙ্গী-উত্তরা ইজতেমা মাঠ সংলগ্ন স্থান, আলোকদি, বিরুলিয়া, কুটবাড়ী, হরিরামপুর, ছোট দিয়াবাড়ী, বাকশাত্রা, কাউয়াইন্দা, নবাবের বাগ, সাদুল্লাপুর, আশুলিয়া, ধউর, বড়বাজার, মেল্লারটেক নদের বেশির ভাগ তীরভূমিতেই নির্ধারিত স্থানের অনেক ভেতরে নদীর কাছে খুঁটি আগের তুলনায় অনেক কম।
বিআইডব্লিউটিএর সিন্নিরটেক ল্যান্ডিং স্টেশন, গোরান চাটবাড়ী পানি উন্নয়ন বোর্ডের পাম্পস্টেশন পর্যন্ত বালু ভরাটের কারণে কোথাও কোথাও সীমানা খুঁটি ঢেকে গেছে। সম্প্রতি জেলা প্রশাসন কার্যালয় থেকে বিআইডব্লিউটিএ কার্যালয়ের কাছে আশুলিয়ায় ২০০ খুঁটি পড়ে যাওয়ার হিসাব দেওয়া হয়েছে। তুরাগ নদের পশ্চিম পারে সাভার বড়কাঁকর ও দেউল মৌজায় স্থাপিত ৫০টির মতো খুঁটিও নদীগর্ভে চলে গেছে।
জানতে চাইলে বিআইডব্লিউটিএর ঢাকা বন্দর কর্মকর্তা মো. শহীদউল্লাহ বলেন, গণপূর্ত অধিদপ্তর নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে তৈরি করে অগভীরভাবে এসব খুঁটি বসিয়েছে। এর জন্য অল্প সময়ে অনেক খুঁটি পড়ে যায়।
যোগাযোগ করা হলে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির উদ্দিন ভূঁইয়া বলেন, ‘বিআইডব্লিউটিএর রক্ষণাবেক্ষণের অভাবে খুঁটিগুলোর দশা খারাপ হচ্ছে।’ তিনি বলেন, তাঁর অধিদপ্তর বিআইডব্লিউটিএকে ভালো অবস্থাতেই খুঁটিগুলো হস্তান্তর করেছিল।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল মতিন এ বিষয়ে বলেন, ‘এক বছর আগে তুরাগ নদ ঘুরে দেখেছি ২০ শতাংশ খুঁটি নেই। এখন অবস্থা আরও খারাপ।’