তুরাগে কাশবনে বৃদ্ধের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তুরাগ থানা এলাকায় কাশবন থেকে গতকাল মঙ্গলবার ৬২ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, তাঁকে হত্যা করা হয়েছে।
তুরাগ থানার পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে তুরাগ থানাধীন উত্তরা ১৬ নম্বর সেক্টরের কাশবনে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওই ব্যক্তির বাঁ পাঁজরের রক্ত জমাট ও ডান হাত বাঁকানো ছিল। গলায় লালচে দাগ ছিল।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বলেন, ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হত্যা করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।