তুরাগে বাসে ডাকাতি, একজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তুরাগ এলাকায় বাসের মধ্যে যাত্রীবেশে থাকা ডাকাতের আঘাতে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হন দুজন। আজ সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল জুয়েল বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে তুরাগের এক ঝোপের মধ্যে থেকে আবদুল মোমেন (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। আহত অবস্থায় সিরাজগঞ্জের চুনিয়াহটির আবদুর রাজ্জাক (৪৫) ও আবদুর রশিদ (৬৮) নামের দুজনকে উদ্ধার করা হয়।
আহত ব্যক্তিদের দাবি, বিমানবন্দরে এক আত্মীয়কে বিদায় জানানোর পর সেখান থেকে আবদুল্লাহপুরগামী একটি বাসে ওঠেন তিনজন। তাঁরা বাসে ওঠা মাত্র দরজা বন্ধ করে দেওয়া হয়। কিছু দূর গিয়ে যাত্রীবেশী ডাকাতেরা মোমেনের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। তুরাগ এলাকায় জাহান ফিলিং স্টেশনের কাছে মোমেনকে বাস থেকে লাথি দিয়ে ফেলে দেয় তারা। এরপর রাজ্জাক ও আব্দুর রশিদকে লাথি দিয়ে বাস থেকে ফেলে দেয়। পরে তাঁরা পাশের একটি ঝোপে মোমেনকে খুঁজে পান।। টহল পুলিশ তাঁদের উদ্ধার করে।
আজ দুপুরে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসে পুলিশ। লাশ মর্গে রয়েছে। আহত দুজন জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ বলছে, বাসটি আটকের চেষ্টা চলছে।