তুরাগের চারজনের মৃত্যুর ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেহানা ও তাঁর তিন শিশু সন্তান। ছবি: সংগৃহীত
রেহানা ও তাঁর তিন শিশু সন্তান। ছবি: সংগৃহীত

তুরাগের মা ও তিন শিশুর মৃত্যুর ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেয়ে পুলিশ বলছে, তিন সন্তানকে হত্যা করে মা রেহানা আত্মহত্যা করেছেন। তবে পুলিশের কথা মানতে পারছে না রেহানার পরিবার। তারা বলছে, রেহানার স্বামীর পরিবার হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে।

গত বছরের ৯ জুন রাতে তুরাগের কালিয়ারটেক এলাকায় রেহানা ও তাঁর তিন সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রেহানার বড় ভাই শামসুল আলম বাদী হয়ে হত্যা মামলা করেন। আলম সন্দেহ করেন, পারিবারিক বিরোধের জের ধরে রেহানার স্বামী কামাল ও তাঁর বোন কোহিনূর অন্যদের সহযোগিতা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন।

তুরাগে টিনশেডের বাড়ির দুটি কক্ষে বসবাস করতেন রেহানা পারভিন ও মোস্তফা কামাল দম্পতি। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে শান্তার বয়স ১৩ বছর, মেজ মেয়ে আরিশার ৯ বছর এবং ছেলে সাদের বয়স ১১ মাস।

চারজনের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলাটি তদন্ত করছেন তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, রেহানার ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। তাঁর মৃত্যু আত্মহত্যাজনিত। আর্থিক অনটনের কারণে হতাশা থেকে রেহানা তাঁর সন্তানদের হত্যা করে আত্মহত্যা করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, তুরাগের রেহেনার মৃত্যু আত্মহত্যাজনিত। বাকি তিনজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
রেহানার ভাই শামসুল আলম ও মাহবুবুল আলম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, রেহানার স্বামী ও তাঁর পরিবারের সদস্যরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে রেহানার স্বামী মোস্তফা কামাল দাবি করছেন, আর্থিক অনটনের কারণে হতাশাগ্রস্ত হয়ে সন্তানদের খুন করে আত্মহত্যা করে থাকতে পারেন তাঁর স্ত্রী রেহানা।

তুরাগের সানবীম স্কুলের পাশে কামালদের টিনশেডের নিজের বাসা। কামালের ছোট বোন কোহিনূরও বসবাস করেন সেখানে। এ ছাড়া বাসার আরও কয়েকটি কক্ষে ব্যাচেলর বসবাস করেন।

রেহানার স্বামী কামাল প্রথম আলোর কাছে দাবি করেন, স্ত্রী আর সন্তানদের সঙ্গে সেদিন ইফতারি করেন তিনি। পরে নামাজ পড়তে যান স্থানীয় মসজিদে। বাসার কাছেই মাল্টিপারপাস কোম্পানির অফিসে কাজ শেষ করে বাসায় ফেরেন ১২টার দিকে।

কামাল বললেন, ‘বাসার দরজা জানালা দিয়ে খোলা যায়। সেদিনও আমি জানালা দিয়ে হাত ঢুকিয়ে বাসার দরজা খুলে ফেলি। ঘরে ঢুকে শোয়ার কক্ষে গিয়ে দেখি, ফ্যানের সঙ্গে রেহানা ঝুলছে। বাতি নেভানো ছিল। পরে আমি জোরে চিৎকার দিলে আশপাশের লোকজন আসে। পরে বঁটি দিয়ে ওড়না কেটে লাশ নামানো হয়।’ তিন সন্তানের লাশ দেখা প্রসঙ্গে কামাল বলেন, ‘আমি ভাবছি বাচ্চারা বোধ হয় ঘুমিয়ে আছে। স্ত্রীর লাশ দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম।’ আরেকটি কক্ষে তিন সন্তানের লাশ সারি সারি শোয়ানো ছিল বলে জানান কামাল। পরে লাশগুলো উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। কে পুলিশকে খবর দিয়েছিল, তা বলতে পারেন না কামাল।

রেহানার ভাই মাহবুবুল আলম বলছেন, তাঁর বোনের মৃত্যুর সংবাদ পান রাত দেড়টার দিকে। বোনের স্বামী কিংবা তাঁর পরিবারের কেউ মৃত্যুর খবর জানাননি। ওই এলাকায় তাঁদের এক আত্মীয়ের মাধ্যমে এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন।

বড় ভাই শামছুল বলেন, রাত একটার সময় বাসায় এসে দেখেন, বোন রেহানার লাশ খাটের ওপর শোয়ানো। ভাগনি আরিশার নাক ও মুখে রক্ত। শান্তার পা ওড়না দিয়ে বাঁধা।

বাসার সামনে রেহানার স্বামী কামাল। ছবি: আসাদুজ্জামান
বাসার সামনে রেহানার স্বামী কামাল। ছবি: আসাদুজ্জামান

রেহানা যে বাসায় থাকতেন, সেই বাড়িতে ননদ কোহিনূর তাঁর স্বামী মোক্তার হোসেনকে নিয়ে বসবাস করে আসছেন। ২১ জুলাই তুরাগের বাসায় গিয়েও দেখা যায়, কোহিনূর সেখানে বসবাস করছেন। রেহানার স্বামী কামালও আছেন একই বাসায়।

রেহানাদের মৃত্যুর সংবাদ কখন, কীভাবে পান, জানতে চাইলে কোহিনূর প্রথম আলোকে বলেন, লিটন নামের এক ব্যাচেলর ছেলে ওই বাসায় থাকতেন, তিনিই সেদিন রাতে মৃত্যুর সংবাদ দেন তাঁকে। কীভাবে তাঁরা মারা গেছেন তিনি জানেন না। একই কথা বলছেন কোহিনূরের স্বামী মোক্তার হোসেন। তিনি বলেন, তাঁর স্ত্রী জানান, রেহানা ও তাঁর তিন সন্তান মারা গেছে।

যে কক্ষে রেহানার শিশুর লাশ পাওয়া যায়, তার পাশের কক্ষ কোহিনূরের। এ কক্ষ থেকে কোহিনূরদের কক্ষে যাওয়ার দরজা আছে। রেহানার স্বামী কামাল অবশ্য দাবি করলেন, এই দরজা আগে ছিল না। মৃত্যুর পর এ দরজা বানানো হয়েছে।

আর্থিক টানাপোড়ন, পারিবারিক বিরোধ
রেহানা আর কামালের বিয়ে হয় ২০০১ সালে। শুরুতে চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করতেন কামাল। রেহানাকে সেখানে নিয়ে যান কামাল। পরে রেহানা চট্টগ্রামে না থেকে বাবার বাড়ি চাঁদপুরে চলে আসেন। চাঁদপুর থেকে উচ্চমাধ্যমিক, স্নাতক ডিগ্রি পাস করেন তিনি।

তুরাগের জমিটি ১৯৮০ সালে কেনেন কামালের বাবা। আর্থিক অনটনে থাকার পর জমিটি কামালের এক ভগ্নিপতির কাছে বিক্রি করে দেওয়া হয়। রেহানার পরিবারের দাবি, কামালের টাকায় একতলা টিনশেড বাড়ি করা হয়। সেখানে কামাল রেহানাকে বসবাস শুরু করেন। ভাড়ার টাকা কামালই তুলতেন। যখন কোহিনূর ওই বাসায় আসেন তখন থেকে ঝগড়া শুরু হয়।

কামাল বলেন, সম্পত্তি নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের ঝামেলা চলে আসছিল। কিন্তু এ কারণে তাঁর স্ত্রী আত্মহত্যা করেননি। কয়েক বছর আগে তুরাগের স্থানীয় এক লোকের মাধ্যমে ডেসটিনিতে ৫০ লাখ টাকা বিনিয়োগ করেন। কিন্তু সেই টাকা তিনি দিচ্ছেন না। বরং নানাভাবে তিনি ভয়ভীতি দেখাচ্ছেন। এভাবে তিনি ভয়াবহ আর্থিক অনটনের মধ্যে পড়েন। তাঁর সন্তানদের স্কুলের বেতন বকেয়া পড়ে।

রেহানার ভাই মাহবুবুল বলেন, ননদ কোহিনূর আসার পর দুবার রেহানাদের ঘরে তালা দেওয়া হয়েছে। রেহানাকে নানাভাবে মানসিক নির্যাতন করেছেন তাঁর শাশুড়ি-ননদেরা। টাকার অভাবে ২০১৬ সালে রেহানার বড় মেয়ে শান্তা ভর্তি হতে পারেনি।

কামাল বলেন, ‘আমার স্ত্রী-বাচ্চাদের মেরে নিজে আত্মহত্যা করতে পারে। অনেক সময় তাঁর চোখে পানি দেখতাম।’ তবে এসব কথা মানতে নারাজ মাহবুবুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, রেহানা খুন হওয়ার তিন দিন আগে বাজারঘাট করে দিয়ে আসেন। রেহানা তখন তাঁকে জানান, কামাল রেহানাকে তাঁদের কাছে চলে যেতে বলেছেন।

মাহবুবুল বলেন, রেহানা আত্মহত্যা করতে পারেন না। রেহানার ঘরের দেয়ালে টাঙানো আছে, ‘শিশুকে সাহস দেবেন, ভয় দেখাবেন না। শিশুকে ভালোবাসবেন, নিন্দা করবেন না।’
তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, তদন্ত শেষ পর্যায়ে। শিগগিরই আদালতে এ মামলার প্রতিবেদন দেওয়া হবে।