তুরিনের গাড়িতে ধাক্কা, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের গাড়িতে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। নীলফামারী থেকে ঢাকায় ফেরার পথে আজ সোমবার বিকেল তিনটার দিকে গাইবান্ধার পলাশবাড়ীতে এ ঘটনা ঘটে।

তুরিন আফরোজ অবশ্য বলছেন, এটা কেবলমাত্র ধাক্কা নয়, তাঁর গাড়িতে হামলা চালানো হয়েছে। তবে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান প্রথম আলোকে বলেন এটি হামলা না ধাক্কা এখনই বলা যাচ্ছে না। তদন্ত শেষে বলা যাবে। ওসি আরও বলেন, স্থানীয় লোকজনের ভাষ্য, এটা নিছকই দুর্ঘটনা।

আটক ওই কিশোর নবম শ্রেণির ছাত্র। তুরিন আফরোজ প্রথম আলোকে বলেন, নীলফামারী থেকে ঢাকায় ফেরার পথে পলাশবাড়ী পৌঁছালে মোটরসাইকেল আরোহী সোজা এসে তাঁর গাড়িতে ধাক্কা দেয়। ওই যুবক তাঁকে বলতে থাকেন, ‘তাঁকে (তুরিন) সে চেনে না। কেন তাঁকে আক্রমণ করবে?’

ওসি মজিবুর রহমান বলেন, তুরিন আফরোজ একটি প্রাইভেট কারে করে রংপুর থেকে পলাশবাড়ী হয়ে ঢাকা যাচ্ছিলেন। এ সময় পলাশবাড়ী উপজেলা শহরের একটি হোটেলের সামনে প্রাইভেট কারটি পৌঁছালে পাশের একটি ছোট রাস্তা থেকে ওই কিশোর মোটরসাইকেল নিয়ে মহাসড়কে উঠলে প্রাইভেট কারে ধাক্কা লাগে।

তুরিন আফরোজ বলছেন, পুলিশ প্রটোকলে তিনি ঢাকায় ফিরছিলেন। যে ঘটনা তা পুলিশের সামনেই ঘটেছে। হামলার ঘটনায় পুলিশ নিশ্চয়ই মামলা করবেন। অবশ্য ওসি মুজিবর বললেন, ওই কিশোর তাদের হেফাজতে আছে। মামলা হয়নি।