তুলাবোঝাই কাভার্ড ভ্যান ছিনতাইয়ের অভিযোগ
কুমিল্লার চান্দিনা থানা এলাকা থেকে তুলাবোঝাই একটি কাভার্ড ভ্যান ছিনতাই হয়েছে। প্রশাসনের লোক পরিচয় দিয়ে চালক ও তাঁর সহযোগীকে অচেতন করে কাভার্ড ভ্যানটি ছিনতাই করা হয় বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় আজ শনিবার বিকেলে চান্দিনা থানায় ওই চালক ও সহযোগীর বিরুদ্ধেই মামলা করা হয়েছে। ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
‘মেসার্স শুকতারা ট্রান্সপোর্ট এজেন্সির’ চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ ওই মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, দেশের বাইরে থাকা আসা ১৮ লাখ টাকার ওই তুলা গুলশানের একটি শিল্পপ্রতিষ্ঠানের। গত বৃহস্পতিবার রাতে শুকতারা ট্রান্সপোর্টের ভাড়া করা কাভার্ড ভ্যানে ওই তুলা শিল্পপ্রতিষ্ঠানটির গাজীপুরের কারখানায় নেওয়া হচ্ছিল। রাত দুইটার দিকে কাভার্ড ভ্যানটি কুমিল্লা চান্দিনা থানার মাধাইয়া বাস স্টেশনের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়েক পৌঁছে। সেখানে ভ্যান থামিয়ে চাকার কোনো ত্রুটি আছে কি না, তা দেখছিলেন চালক মো. ইসমাইল ও তাঁর সহযোগী মো. ইয়াছিন। এ সময় একটি মাইক্রোবাসে পাঁচ থেকে ছয়জন যুবক নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে গাড়িতে অবৈধ মালামাল আছে বলে জানান। তাঁরা চালক ও তাঁর সহযোগীকে ধরে মাইক্রোবাসে তুলে ফেলেন। এদিকে ওই যুবকদের একজন তুলাভর্তি কাভার্ড ভ্যানটি চালিয়ে অজানা গন্তব্যে নিয়ে যান। এরপর ওই যুবকেরা চালক ও সহযোগীকে জোর করে নেশাজাতীয় ট্যাবলেট খাওয়ান। এতে চালক ও সহযোগী অচেতন হয়ে পড়লে তাঁদের কুমিল্লার বুড়িচং থানা এলাকায় কাবিলা বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেলে রেখে চলে যান ওই যুবকেরা। গতকাল শুক্রবার সকালে ওই দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর তাঁরা ঘটনা বর্ণনা দেন।
মৌখিকভাবে এ ঘটনা পুলিশকে জানানোর পর আজ দুপুরে নরসিংদীর নূরালাপুর এলাকা থেকে খালি অবস্থায় ওই কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়। বিকেলে মামলা হওয়ার পর চালক ও সহযোগীকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় আনা হয়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী প্রথম আলোকে বলেন, আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া তুলাগুলো কোথায় আছে— তা শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শুকতারা ট্রান্সপোর্ট এজেন্সির মালিকপক্ষের একজন জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, চালক ও তাঁর সহযোগীকেই এ ঘটনায় সন্দেহ হচ্ছে তাঁদের।