তুলে নিয়ে যাওয়া মুক্তিযোদ্ধার ছেলের সন্ধান দাবি
রাজশাহীতে নিজ গ্রাম থেকে প্রায় এক মাস আগে তুলে নিয়ে যাওয়া আব্দুল্লাহ আল ফারুক ওরফে রাহিদের (২৭) সন্ধান দাবি করে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধারা। আব্দুল্লাহ আল ফারুক মুক্তিযোদ্ধা জহিরুদ্দীনের ছেলে। তাঁর বাড়ি পবা উপজেলার হরিপুর ইউনিয়নের পুরোনো কসবা এলাকায়।
রাজশাহী আদালত চত্বরে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসকের কাছে ওই স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়, মুক্তিযোদ্ধা জহিরুদ্দীনের ছেলে আব্দুল্লাহ আল ফারুক লেখাপড়ার পাশাপাশি বিদ্যুতের লাইনের কাজ করতেন। গত ১৮ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হরিপুর দরগাহপাড়া এলাকার তরিকুল ইসলামের ফোন পেয়ে তাঁর বাড়িতে বিদ্যুতের লাইনের কাজে যান আব্দুল্লাহ আল ফারুক। পুরোনো কসবা এলাকার ইব্রাহিম মোটরসাইকেলে করে তাঁকে নিয়ে যান। পরে ইব্রাহিম ফিরলেও তিনি ফেরেননি।
মুক্তিযোদ্ধা জহিরুদ্দীন বলেন, স্থানীয় লোকজন তাঁকে জানিয়েছেন, র্যাব পরিচয় দিয়ে অজ্ঞাত কয়েকজন লোক জোর করে তাঁর ছেলেকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এ ব্যাপারে তিনি গত ২০ জুলাই পবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই দিন পুলিশ তরিকুল ইসলামকেও ধরে নিয়ে যায়। জহিরুদ্দীন বলেন, তিনি তাঁর আইনজীবীর মাধ্যমে জেনেছেন, তরিকুল কারাগারে আছেন। কিন্তু কোথাও তাঁর ছেলের খোঁজ পাননি। তিনি র্যাব-৫-এর কার্যালয়ে গিয়েছিলেন। র্যাবের পক্ষ থেকে তাঁকে বলা হয়েছে, তাঁর ছেলেকে র্যাব ধরেনি।
প্রথম আলোর পক্ষ থেকে গতকাল বিকেলে পুরোনো কসবা গ্রামে গিয়ে তরিকুলের বাবার সঙ্গে কথা বলা হয়েছে। তিনি বলেন, প্রশাসনের পরিচয় দিয়ে সাদাপোশাকের লোকজন আব্দুল্লাহ আল ফারুককে তুলে নিয়ে গেছে।
জানতে চাইলে র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে তাঁরা কিছু জানেন না। এই প্রথম শুনছেন।
জহিরুদ্দীন বলেন, পুলিশ কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি ১ আগস্ট রাজশাহীর আমলি আদালত-১ এ মামলা করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী পবা থানা মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে এর তদন্তের দায়িত্ব দেয়।
কী অভিযোগে তরিকুলকে আটক করা হয়েছিল, জানতে চাইলে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, তরিকুল ফেনসিডিল-সংক্রান্ত একটি মামলার আসামি। তাঁকে ধরে চালান দেওয়া হয়েছে।
রাজশাহী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানি ওই মামলাটি তদন্ত করছেন। তিনি বলেন, স্থানীয় দোকানদারদের সঙ্গে তিনি কথা বলেছেন। তাঁরা তাঁকে জানিয়েছেন, যাঁরা আব্দুল্লাহ আল ফারুককে ধরে নিয়ে গেছেন, তাঁরা র্যাব নন, প্রশাসনের লোক বলে পরিচয় দিয়েছেন। তরিকুলের সঙ্গে কথা বলতে পারলে সব পরিষ্কার হবে। এ জন্য তিনি তরিকুলের রিমান্ডের আবেদন জানিয়েছেন।