তুলে নেওয়া তিন যুবকের ১ জনকে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় তুলে নেওয়া তিন যুবকের একজনের খোঁজ মিলেছে। ঘটনার ১০ দিন পর রুস্তম আলী (২৫) নামের একজনকে গত শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় অস্ত্র, গুলিসহ সোপর্দ করেছে র‍্যাব।

বাকি দুজনের খোঁজ গতকাল শনিবার পর্যন্ত পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তাঁদের তুলে নেওয়া হয়েছে।

রুস্তম আলমডাঙ্গার তিওরবিলা গ্রামের মৃত গফুর মণ্ডলের ছেলে। সদর থানার ওসি তোজাম্মেল হক বলেন, একটি আগ্নেয়াস্ত্র, একটি গুলিসহ রুস্তমকে থানায় সোপর্দ করা হয়েছে। র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) মোস্তাফিজুর রহমান একটি মামলাও করেছেন। এতে বলা হয়েছে, সদর উপজেলার হায়দারপুর এলাকা থেকে অস্ত্র, গুলিসহ রুস্তমকে আটক করেছে র‌্যাব।

তবে রুস্তমের বড় ভাই ইকলাস আলীর অভিযোগ, গত ২২ নভেম্বর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ১৩ জন তাঁদের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে রুস্তমকে তুলে নিয়ে যান। তাঁদের মধ্যে দুজনের পরনে র‍্যাবের পোশাক ছিল।

এখনো নিখোঁজ বাকি দুজন হলেন উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের স্কুলপাড়ার আইজাল হকের ছেলে জিয়াউর রহমান (৩০) এবং একই গ্রামের মাঠপাড়া এলাকার নিয়ামত আলীর ছেলে রাসেল আহমেদ (২৫)।

জিয়াউরের স্ত্রী শামীমা আকতার বলেন, ২২ নভেম্বর রাতে পানের বরজ পাহারা দিচ্ছিলেন জিয়াউর। পাশের বরজে ছিলেন শামীমার চাচা শাহেদ আলী। রাত তিনটার দিকে শাহেদ আলী বাড়িতে এসে তাঁদের জানান, জিয়াউরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বরজ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। যাঁরা তুলে নিয়ে গেছেন, তাঁদের পরনে কালো পোশাক ছিল। এরপর থানা-পুলিশ, জেলা গোয়েন্দা কার্যালয় ও র‌্যাবের আঞ্চলিক কার্যালয়ে খোঁজ নিয়েও জিয়াউরের সন্ধান মেলেনি।

রাসেলের চাচি আবেদা খাতুন বলেন, রাসেল কৃষিকাজ করতেন। আবেদার ভাষ্য, ‘গত মঙ্গলবার মাঝরাতি র‌্যাবের পুশাকে অস্ত্র হাতে কয়জন লোক বাড়িতি ঢোকে। ইরপর রাসেলরে টানা-হিঁচড়া কইরে বাড়ি থেইকে বের করে নিয়ে যায়। আমরা পেচন পেচন যাতি গেলি ওই লোকরা বুকি গুলি করার হুমকি দেয়। পরে শুনিচি গ্রামের এক মাতায় গাড়ি রাইকে বাড়িতে আসে তারা।’

চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, নিখোঁজের ঘটনায় প্রতিটি পরিবারের পক্ষ থেকেই র‌্যাবের পরিচয়ে তুলে নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু র‌্যাবের পক্ষ থেকে তা অস্বীকার করা হচ্ছে।

জিয়াউর ও রাসেলের সন্ধানের দাবিতে গতকাল শনিবার বিকেলে বাঁশবাড়িয়া গ্রামে গ্রামবাসীর উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন। সমাবেশে এক সপ্তাহের ব্যবধানে একই গ্রাম থেকে দুজনকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ইউপি চেয়ারম্যান।