তুলে নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে ‘নিখোঁজ হওয়ার’ ১৮ দিন পর গত সোমবার রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। একই রাতে যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় গুলিতে আরেক যুবক নিহত হয়েছেন।
দুজনেরই পরিবারের অভিযোগ, পুলিশ তাঁদের তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
নিহত মামুন ঝিনাইদহ শৈলকুপা উপজেলার পুটিমারি গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া বিভাগের স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছেন সম্প্রতি। ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখের ভাষ্য, সোমবার রাত তিনটার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে টহল দিচ্ছিল পুলিশের একটি দল। সদর উপজেলায় আড়ুয়াকান্দি নামক স্থানে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। সন্ত্রাসীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে এক যুবকের লাশ ও বেশ কিছু অস্ত্র উদ্ধার করে। গতকাল মঙ্গলবার সকালে নিশ্চিত হওয়া যায়, নিহত যুবক শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের পুটিমারি গ্রামের মামুন। পুলিশের দাবি, মামুন ছাত্রশিবিরের শৈলকুপার গাড়াগঞ্জ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
তবে নিহত মামুনের মামাতো ভাই আনারুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাদাপোশাকের একদল লোক পুলিশ পরিচয় দিয়ে ১ জুলাই ঝিনাইদহ সদরসংলগ্ন পবহাটি গ্রামের একটি ভাড়া বাসা থেকে মামুনকে উঠিয়ে নিয়ে যায়। মামুন সক্রিয় রাজনীতি করতেন না। পুলিশ তাঁকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে।
সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, মামুনের মাথায় গুলি করা হয়েছে।
যশোরে ‘গোলাগুলিতে’ নিহত আজিজুর রহমান ওরফে নেছার (২৮) শহরের বেজপাড়া এলাকায় থাকতেন। যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, ‘সোমবার রাত তিনটার দিকে বারান্দিপাড়া এলাকায় ডাকাত ও মাদক বিক্রেতাদের দুই পক্ষের গোলাগুলি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছোড়ে। এতে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় আজিজুরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা, ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে।
তবে আজিজুরের বোন অনিসা খাতুন প্রথম আলোকে বলেন, পুলিশ গত রোববার সন্ধ্যায় আজিজুরকে বারান্দিপাড়া এলাকা থেকে ধরে নিয়ে যায়। থানায় খোঁজ করতে গেলে পুলিশ আটকের কথা অস্বীকার করে।