তুলে নেওয়ার দুই ঘণ্টা পর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গভীর রাতে বাসার সামনে থেকে তুলে নেওয়ার দুই ঘণ্টা পর বাসার পেছনের খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মোহাম্মদ আলমগীর (৫০)। আজ রোববার ভোররাত চারটার দিকে নগরের কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকার নজির মুন্সীর বাড়িসংলগ্ন খালের পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ ও স্থানীয় লোকজন।

নিহত আলমগীর বাসার পাশে একটি কলোনিতে তত্ত্বাবধায়কের কাজ করতেন। পুলিশের ধারণা, পারিবারিক বিরোধের জেরে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

নিহত ব্যক্তির স্ত্রীর বড় ভাই মো. সেলিম আজ দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে প্রথম আলোকে বলেন, তাঁর ভগ্নিপতি আলমগীর প্রতিদিন ওই কলোনিতে রাতে পানি তোলাসহ কাজ সেরে রাত দেড়টা থেকে দুইটার মধ্যে বাসায় ফিরে থাকেন। গতকাল শনিবার রাত দুইটার দিকে বাসার সামনে থেকে তাঁকে পাঁচ-ছয়জন ব্যক্তি তুলে নিয়ে যায়। আলমগীরের চিৎকার শুনে স্ত্রী মাহফুজা বেগম বাসা থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু দরজার হুক বাইরে থেকে লাগিয়ে দেওয়ায় তাৎক্ষণিকভাবে তিনি বের হতে পারেননি। পরে আশপাশের লোকজনের সহায়তায় দরজা খুলে বের হয়ে অনেক খোঁজাখুঁজি করে স্বামীকে পাননি। তখন তিনি স্থানীয় কর্ণফুলী থানায় চলে যান। রাত চারটার দিকে পুলিশসহ থানা থেকে গিয়ে বাসার পেছনে খালের পাড়ে আলমগীরের লাশ দেখতে পান তিনি।

স্ত্রী মাহফুজা বেগমের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দেবর তাঁর স্বামীকে তুলে নিয়ে গিয়ে খুন করেছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে পারিবারিক বিরোধের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত আলমগীরের কানের পেছনে ক্ষত ও গলায় দাগ দেখা গেছে। আলমগীরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।