তুলে নেওয়ার পরদিন বিএনপি নেতার লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতিপক্ষের লোকজন প্রকাশ্যে তুলে নেওয়ার পরের দিন বিএনপির নেতা হাবিবুর রহমান তালুকদারের (৫৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে উপজেলার তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
হাবিবুর রহমান উপজেলার ধানীসাফা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
নিহত ব্যক্তির পারিবারিক সূত্র বলেছে, উদয়তারা বুড়িরচর গ্রামের হাবিবুর রহমান তালুকদারের সঙ্গে একই বংশের ইদ্রিস তালুকদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ইদ্রিস তালুকদার ধানীসাফা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গত শনিবার বিকেলে মাঠে ফুটবল খেলা নিয়ে হাবিবুরের ছেলে রাকিব তালুকদারের সঙ্গে ইদ্রিস তালুকদারের ভাতিজা সাইফুল তালুকদারের ঝগড়া হয়। ঝগড়ার পর ইদ্রিস তালুকদার ও তাঁর ছেলের পক্ষের লোকজন প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি দেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রোববার সকালে হাবিবুর রহমান তালুকদার তুষখালী বাজার এলাকায় যান। ১০টার দিকে ইদ্রিস তালুকদারের নেতৃত্বে ১৫-২০ জন লোক তাঁকে মারধর করে বাজার থেকে তুলে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার বিকেলে হাবিবুরের স্ত্রী মালেকা বেগম নিখোঁজের ঘটনায় মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। রাত ১২টার দিকে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব দিকের সীমানাপ্রাচীরের কাছে শৌচাগারের পাশে হাবিবুর রহমানের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
হাবিবুরের ছেলে হাফিজুর রহমান অভিযোগ করেন, ইদ্রিস তালুকদার, তাঁর ছেলে রুম্মান, রাজীবসহ ১৫-২০ জন লোক ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁর বাবার ওপর হামলা করে তাঁকে তুলে নিয়ে যান। এরপর পিটিয়ে ও শ্বাসরোধে নৃশংসভাবে তাঁকে হত্যা করেন।
পুলিশ বলেছে, ঘটনার পর থেকে ইদ্রিস তালুকদারসহ তাঁর লোকেরা পলাতক রয়েছেন। তাঁদের ধরতে পুলিশ বাড়িতে গিয়েছিল। তাঁদের মুঠোফোনও বন্ধ।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, হাবিবুরের গলায় ফাঁস দিয়ে হত্যার চিহ্ন রয়েছে। এ ছাড়া মুখমণ্ডল ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।