তুলে নেওয়ার সাত মাস পর ফিরলেন সেই চিকিৎসক
তুলে নিয়ে যাওয়ার সাড়ে সাত মাস পর বাড়ি ফিরলেন লক্ষ্মীপুরের চিকিৎসক মুহাম্মদ ইকবাল মাহমুদ। গত বুধবার রাত সোয়া ১১টায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কের গরুহাটা এলাকায় চোখ বাঁধা অবস্থায় ইকবালকে একটি মাইক্রোবাস থেকে কয়েকজন লোক রাস্তায় ফেলে চলে যায়। সেখান থেকে অটোরিকশায় করে দুই কিলোমিটার দূরে লক্ষ্মীপুর শহরের বাসায় ফেরেন তিনি।
কারা, কেন, কী উদ্দেশ্যে তাঁকে তুলে নিয়েছিল—এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন ইকবাল। এই সাত মাস কোথায় রাখা হয়েছিল, তা-ও বলতে পারেননি তিনি।
গত বছরের ১৫ অক্টোবর রাত সাড়ে তিনটার দিকে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সাত-আটজন লোক চিকিৎসক ইকবালকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে ওই এলাকার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা যায়, যে মাইক্রোবাসে করে ইকবালকে তুলে নিয়ে যাওয়া হয় তার পাশেই পুলিশের একটি ভ্যান ছিল।
ইকবাল ‘নিখোঁজ’ হওয়ার পরদিন তাঁর বাবা ধানমন্ডি থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণের মামলা করেন। এ ছাড়া তিনি লক্ষ্মীপুরের নিজ বাসায় ও ঢাকার জাতীয় প্রেসক্লাবে ছেলেকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেন।
ইকবাল মাহমুদের বাবা মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘ছেলে ফিরে এসেছে, এর চেয়ে বড় পাওয়া আর নেই। এটা আমাদের পরিবারের জন্য বড় আনন্দ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’ ছেলেকে ফিরে পাওয়ায় তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রশাসন ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান।
গত বছরের ১০ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবেদনবিদ্যায় দুই মাসের প্রশিক্ষণ নিতে লক্ষ্মীপুর থেকে ঢাকায় যান চিকিৎসক ইকবাল। সাপ্তাহিক ছুটিতে বাড়িতে এসে ১৫ অক্টোবর ঢাকায় বাস থেকে নামার পরই তুলে নিয়ে যাওয়া হয় তাঁকে।
গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে প্রথমে কথা বলতে রাজি হননি ইকবাল মাহমুদ। পরে লক্ষ্মীপুর শহরের নিজ বাসায় তিনি প্রথম আলোকে বলেন, সময় হলে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলেছিল ‘আটককারীরা’। এই সাড়ে সাত মাস শুধু ভাত খাওয়ার সময় তাঁর চোখের বাঁধন আলগা করে দেওয়া হতো। বাকি সময় চোখ বাঁধা থাকত। তাঁকে কেউ মারধর করেনি। অন্ধকার একটি কক্ষে রাখা হতো। মাইক্রোবাসে করে কোথা থেকে লক্ষ্মীপুরে আনা হয়েছে, সেটাও তিনি বলতে পারেননি। মাইক্রোবাসে কতক্ষণ ছিলেন, তা-ও মনে করতে পারেননি।
২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা কর্মকর্তা হিসেবে যোগ দেন ইকবাল। পরে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি হন। লক্ষ্মীপুর সদর হাসপাতালের পাশেই বেসরকারি একটি হাসপাতাল রয়েছে তাঁর বাবার। পাঁচতলা ওই হাসপাতাল ভবনের দোতলায় তাঁর পরিবার থাকে। ইকবালের স্ত্রীও চিকিৎসক। তাঁদের দুটি সন্তান রয়েছে। ইকবাল ও তাঁর স্ত্রী ছুটির দিন লক্ষ্মীপুরে ওই হাসপাতালে রোগী দেখতেন।
ইকবালের ফেরার খবর পেয়ে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গতকাল সকাল থেকে তাঁর বাসায় ভিড় করছেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন গতকাল বিকেলে বলেন, চিকিৎসক মুহাম্মদ ইকবাল মাহমুদের সঙ্গে তিনি মুঠোফোনে কথা বলেছেন। ইকবাল তাঁকে বলেছেন চোখ বাঁধা অবস্থায় কে বা কারা তাঁকে মাইক্রোবাস থেকে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের গরুহাটা এলাকায় রেখে গেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তাঁরা।