সহিংসতা তুলনামূলক কম হলেও কেন্দ্র দখল, জাল ভোট দেওয়াসহ বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে গতকাল শনিবার তৃতীয় ধাপে ৬১৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হয়েছে। তবে পাবনার চাটমোহর উপজেলার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গণনা নিয়ে বিরোধের জের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ইমদাদুল হক (৫২) নামে এক ব্যক্তি নিহত হন।
গতকালের নির্বাচনে বেশির ভাগ ভোটকেন্দ্রের বাইরের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। কিন্তু কেন্দ্রের ভেতর জাল ভোট দেওয়া, বুথ দখল ও ব্যালট কেটে বাক্স ভর্তি করার মতো প্রচুর অভিযোগ ছিল।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, বিক্ষিপ্ত সংঘর্ষ ও নির্বাচনী অনিয়মের মধ্য দিয়ে তৃতীয় ধাপ পার হলো। তবে এসব অপতৎপরতার মধ্যেও তৃণমূলের সর্বনিম্ন স্তরের এই নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। বিশেষ করে নারী ভোটাররা অনেক জায়গায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।
বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যমের ব্যাপক সমালোচনার মুখে তৃতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার আশা করেছিল নির্বাচন কমিশন। গতকাল ভোট গ্রহণ শেষ হওয়ার পর কমিশন বলেছে, আগের দুই ধাপের তুলনায় নির্বাচন ভালো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, আগামী ধাপগুলোতে নির্বাচনী বিশৃঙ্খলা শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করা হবে।
তবে গতকাল বগুড়া, শেরপুর, কুষ্টিয়া, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, পাবনা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংঘর্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। বগুড়ার ধুনট সদর ইউনিয়নে আওয়ামী লীগের কর্মীরা পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাদের মারধর করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০টি রাবার বুলেট ছোড়ে।
গতকাল বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তৃতীয় ধাপের নির্বাচনেও সরকারি দল ভোট ডাকাতি ও ব্যাপক ‘তাণ্ডব’ চালিয়েছে। কমিশন সহিংসতা ঠেকাতে কোনো ধরনের উদ্যোগ নেয়নি। কমিশন ভোট ডাকাতির সঙ্গে জড়িত ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঝুঁকি নিচ্ছে না।
তবে সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দাবি করেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। এসব ঘটনা খুবই নগণ্য।
কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাই: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাব ইউপির চারিতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণা না দেওয়াকে কেন্দ্র করে রাত আটটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে এক বিজিবি সদস্য গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় উত্তেজিত জনতা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেনের ব্যবহৃত গাড়িসহ পুলিশের তিনটি গাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক ফাকা গুলি ছোড়ে।
নোয়াখালীর চাটখিলে কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপি ভোট বর্জন করে নতুন করে ভোট নেওয়ার দাবি জানিয়েছে। আওয়ামী লীগ সমর্থকদের অনিয়ম ও জাল ভোটের কারণে জামালপুরের ইসলামপুরে চারটি ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা একপর্যায়ে হাল ছেড়ে দেন।
কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের সেনবাগ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে স্কুলশিক্ষার্থীদের দিয়ে জাল ভোট দেওয়ানো হয়েছে। উপজেলার নয়টি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া এবং প্রকাশ্যে সিল মারা হয়েছে। আমবাড়িয়া ইউপি ভবন থেকে জাসদ মনোনীত প্রার্থী নূরজাহান বেগমের দুই এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। মাগুরায় শ্রীপুরের আটটি ইউনিয়নে ব্যালট পেপার ছিনতাই ও কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
চাঁদপুরের হাজীগঞ্জের ১১টি ইউনিয়নের ১০৮টি কেন্দ্রের মধ্যে প্রায় ৪০টিতে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়ে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন কমপক্ষে ২০ জন। ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি দলের নিয়ন্ত্রণের মধ্যে শান্তিপূর্ণ ভোট হয়েছে। ওই জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষে মোট আহতের সংখ্যা ৪০ জনের মতো। জেলার বাঞ্ছারামপুরে দুটি কেন্দ্রে হামলার ঘটনায় প্রায় এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। কুমিল্লার চার উপজেলায় সহিংসতায় আহতের সংখ্যা প্রায় অর্ধশত। লক্ষ্মীপুরের রামগঞ্জে সৌন্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের গুলিতে দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
শেরপুর সদর উপজেলায় ছয়টি ইউনিয়নে সহিংসতায় কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। ফরিদপুরে আটটি ইউনিয়নে কেন্দ্রের বাইরে শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও ভেতরে নৌকার সমর্থক প্রার্থীদের পক্ষে নানা অনিয়ম হয়েছে। অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগে নাটোরে সাতটির মধ্যে পাঁচটি ইউনিয়নে বিএনপির প্রার্থীরা সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন। সিরাজগঞ্জে ২২টি ইউনিয়নে পুরুষদের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। অনিয়মের সঙ্গে জড়িত থাকায় বেলকুচি উপজেলার ঠাকুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা আবদুর সবুরকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
খাগড়াছড়িতে উৎসবের মেজাজে ভোট হলেও বিক্ষিপ্ত গোলযোগ হয়েছে। এতে তিন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। দীঘিনালায় দুটি ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থীদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। চট্টগ্রামের ফটিকছড়িতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক পুলিশসহ নয়জন আহত হয়েছেন।
বেসরকারি সংস্থা ব্রতী বলেছে, নির্বাচন কমিশনের অধিকতর তৎপরতা সত্ত্বেও অনিয়ম ও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।
পাবনায় নিহত ১: জেলার চাটমোহর উপজেলায় নিহত ইমদাদুল হক তালা মেরামতের মিস্ত্রি ছিলেন। তাঁর বাড়ি গোলযোগ হওয়া ভোটকেন্দ্রের পাশেই। এখানে ভোট গণনা নিয়ে বিরোধের ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। গণনা শুরুর পর সন্ধ্যা পৌনে সাতটার দিকে একদল উচ্ছৃঙ্খল যুবক কেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই বিজিবি সদস্যদের একটি বহর নিয়ে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হন। এতে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। বিজিবির সদস্যরা তাঁদের ভোটকেন্দ্র থেকে সরে যেতে বলেন। কিন্তু লোকজন উত্তেজিত হয়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে বিজিবি লাঠিপেটা করতে শুরু করে। এর মধ্যেই স্থানীয় মসজিদের মাইক থেকে গ্রামবাসীর ওপর হামলা হয়েছে বলে জানানো হয়। এতে গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে বিজিবির সদস্যদের আক্রমণ করে। একপর্যায়ে বিজিবির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে। এতে পিঠে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ইমদাদুল মারা যান। গ্রামের লোকজন জানান, ইমদাদুল হক ঘটনার সময় উৎসুক জনতার সঙ্গে পরিস্থিতি দেখছিলেন। ঘটনায় আরও প্রায় ১০ জন আহত হয়েছেন।