তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এক ব্যক্তি গ্রেপ্তার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী গত শুক্রবার ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ রাতেই আসামিকে গ্রেপ্তার করেছে।
বোয়ালমারী থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় শিশুটির বাবা একজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল হোসেন জানান, গতকাল শনিবার আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ধর্ষণের শিকার শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। তবে আসামির স্ত্রী দাবি করেন, তাঁর স্বামী ষড়যন্ত্রের শিকার।
শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, শিশুটি প্রতিবেশী এক ব্যক্তির (৬৫) বাড়িতে দুধ দিত। শুক্রবার সকালে দুধ দিতে গেলে ওই ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিকেল পাঁচটার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোর্শেদ আলম তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আরএমও মোর্শেদ আলম বলেন, ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। এ কারণে তাকে ওসিসিতে পাঠানো হয়েছে।