তৃতীয়বারের মতো সাতছড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ধারের পর সারিবদ্ধ করে রাখা প্লাস্টিকে মোড়ানো অস্ত্রশস্ত্র l ছবি: প্রথম আলো
উদ্ধারের পর সারিবদ্ধ করে রাখা প্লাস্টিকে মোড়ানো অস্ত্রশস্ত্র l ছবি: প্রথম আলো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভারত সীমান্তের কাছে অবস্থিত সংরক্ষিত সাতছড়ি জাতীয় উদ্যান থেকে আবারও বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গতকাল বুধবার উদ্যানের সঙ্গে লাগোয়া আদিবাসী পল্লি টিপরাহাটির একটি পরিত্যক্ত ঘরের মাটি খুঁড়ে এক বাংকার থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ নিয়ে উদ্যান এলাকা থেকে তিন দফায় অস্ত্রশস্ত্র উদ্ধার করল আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এই বাহিনী। গত ৩ জুন ও ২ সেপ্টেম্বর দুই দফা অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি করেছিল র‌্যাব।
গতকাল উদ্ধার করা অস্ত্রগুলো হলো ১১২টি রকেট লঞ্চার ও এর ৪৮টি চার্জার। এগুলো প্লাস্টিক ব্যাগে মোড়ানো ছিল। অস্ত্র উদ্ধারের পর ঘটনাস্থল টিপরাহাটির ভেতরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে র‌্যাব।
সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, রকেট লঞ্চারগুলো উচ্চক্ষমতাসম্পন্ন ও কামানবিধ্বংসী। র‌্যাব গত সোমবার ওই এলাকায় নতুন অভিযান শুরু করে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইতিপূর্বে অস্ত্র উদ্ধারের ঘটনার সঙ্গে এবারের ঘটনার যোগসূত্র আছে কি না, এমন প্রশ্নের জবাবে মুফতি মাহমুদ প্রথম আলোকে বলেন, সব ঘটনাই ভিন্ন ভিন্ন। আগেকার ঘটনায় চুনারুঘাট থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। গতকালের ঘটনায়ও মামলা হবে। অস্ত্রের উৎস বা এর সঙ্গে কারা জড়িত, সেসব ব্যাপারে তিনি বলেন, এগুলো তদন্তসাপেক্ষ বিষয়।
টিপরাহাটিতে র‌্যাব আগেও বহুবার অভিযান পরিচালনা করেছে। তখন অস্ত্র না পাওয়ার কারণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নে এই র‌্যাব কর্মকর্তা বলেন, অঞ্চলটি দুর্গম ও বিস্তীর্ণ। এখানে এক-দুবার অভিযান চালিয়ে সফল হওয়ার মতো নয়।
সরেজমিন: গতকাল সকালে উদ্যান এলাকায় গিয়ে দেখা যায়, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, বিজিবি ও প্রশাসনের কর্মকর্তারা টিপরাহাটির প্রবেশমুখে একটি বটগাছের নিচে জড়ো হয়ে আছেন। তাঁদের ঘিরে আছেন গণমাধ্যমের কর্মীরা। তবে চারদিক ঘুরে আদিবাসীদের তেমন দেখা মেলেনি। যে দু-একজনের দেখা মিলেছে, তাঁরা কেউ ভয়ে কথা বলেননি। দেখা যায়নি উদ্যানের কর্মকর্তা ও কর্মচারীদের।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতছড়ি ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তা আবদুল করিম বলেন, সকাল সাতটায় তিনি ও তাঁর লোকজন টিপরাহাটিতে আসেন। কী কারণে এসেছেন, জানতে চাইলে এর কোনো উত্তর দেননি তিনি। একইভাবে চুনারুঘাট থানার পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বললেও তাঁরা কেউ মুখ খোলেননি।
বেলা একটায় ওই স্থানে হাজির হন মুফতি মাহমুদ খান। সঙ্গে ছিলেন র‌্যাব-৯ সিলেটের অধিনায়ক জিয়া হাসান রাব্বানীসহ বেশ কয়েকজন কর্মকর্তা। পরে তাঁরা উপস্থিত সাংবাদিকদের নিয়ে টিপরাহাটিতে প্রবেশ করেন। এর আগে সকাল থেকে র‌্যাব পুরো এলাকা নিজস্ব নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখে। এই সময়ের মধ্যে সাংবাদিকসহ কাউকে এই পল্লিতে প্রবেশ করতে দেওয়া হয়নি।
পরিত্যক্ত যে ঘর থেকে অস্ত্র উদ্ধার করা হয়, সেটির বেড়া ছিল বাঁশের ও ছাউনি টিনের। আদিবাসীরা এ রকম ঘর তাদের ছাগল রাখার কাজে ব্যবহার করে। সাংবাদিকদের নিয়ে যাওয়ার পর র‌্যাব সদস্যরা ঘরটির মেঝেতে খোঁড়া শুরু করেন। ২০ মিনিট পর আবিষ্কার করেন একটি বাংকার। এর ভেতর প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ১৫টি বস্তা থেকে বের করা হয় ওই সব অস্ত্র। পরে সেগুলো উঠানে সারিবদ্ধভাবে রাখা হয়।