তেঁতুলিয়ায় গলা কাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তহিদুল ইসলাম বমবাট (৪৭) নামের এক কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের চান্দামারী এলাকায় একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তহিদুল ইসলাম ওই এলাকার মহিম উদ্দীনের ছেলে।
কৃষকের পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে খাওয়ার পর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তহিদুল। সকালে স্থানীয় লোকজন মাঠে কাজ করতে গেলে তাঁর বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে খড় দিয়ে অর্ধেক ঢাকা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পঞ্চগড়ের সহকারী পুলিশ (সার্কেল) সুদর্শন কুমার রায় বলেন, ‘খবর পেয়ে আমিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গলা কাটা মরদেহটি দেখে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে।’