তেঁতুলিয়ায় দুটি বিদেশি পিস্তল জব্দ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুটি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ভজনপুর ডাঙ্গাপাড়া এলাকার একটি বাঁশবাগান থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় পিস্তল দুটি জব্দ করে পুলিশ। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক তরিকুল ইসলাম মাঠে কাজ করতে গেলে একটি বাঁশবাগানে কাপড়ে মোড়ানো অবস্থায় পিস্তল দুটিকে দেখতে পায়। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন একদল পুলিশ নিয়ে সেখানে আসেন। ইউএনওর উপস্থিতিতে পিস্তল দুটি জব্দ করে পুলিশ।
গত মঙ্গলবার গভীর রাতে একই এলাকা থেকে র্যাব-১৩-এর একটি দল পিস্তলের দুটি ম্যাগাজিন ও আটটি গুলিসহ দুজনকে গ্রেপ্তার করে।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বলেন, পিস্তল দুটি কে বা কারা ফেলে রেখে গেছে তা জানা যায়নি।