তেঁতুলিয়ায় গৃহবধূকে গলা কেটে হত্যা
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাহেবজোত গ্রামে রান্নাঘর থেকে শামসুন্নাহার (৩৮) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে লাশটি উদ্ধার করা হয়।
শামসুন্নাহার উপজেলার সিপাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছির উদ্দিনের স্ত্রী। তাঁকে কে বা কারা হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় পুলিশ আছির উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্বামী এবং সামসুন্নাহার ঘুমাতে যান। ভোর পাঁচটার দিকে সামসুন্নাহারের শাশুড়ি রান্নাঘরে ঢুকে সামসুন্নাহারের লাশ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসীর ধারণা, শামসুন্নাহারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শামসুন্নাহারকে ধারালো কোনো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানো হয়েছে।