তেজগাঁও রেলস্টেশনের জমি দখল করে দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেখে বোঝার উপায় নেই যে এটি রেলস্টেশন l প্রথম আলো
দেখে বোঝার উপায় নেই যে এটি রেলস্টেশন l প্রথম আলো

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের জমি দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে হাটবাজার। এসব বাজারের ময়লা-আবর্জনায় ভাগাড় হয়ে আছে স্টেশন সড়ক। স্টেশনের প্রধান ফটকের সামনের সড়কে বসেছে অবৈধ ফলের আড়ত। উপরন্তু সংস্কারের অভাবে সড়কটি খানাখন্দে ভরা। চলাচলের প্রায় অনুপযোগী।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, তেজগাঁও রেল ফটক (পূর্ব তেজতুরী বাজার) এলাকা থেকে স্টেশনের প্ল্যাটফর্ম পর্যন্ত রেলপথের পশ্চিম পাশের প্রায় আধা কিলোমিটার এলাকায় গড়ে উঠেছে প্রায় সাড়ে তিন শ ছোট-বড় দোকান। আর প্ল্যাটফর্মসংলগ্ন প্রায় সাত একর জমিতে গড়ে উঠেছে হাঁস-মুরগি ও কলার আড়ত। স্টেশন সড়কের দক্ষিণ মাথায় রেলের জমিতে ইটের দেয়াল ও টিনের ছাউনি দিয়ে নির্মাণ করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানা এবং ২৬ নম্বর ওয়ার্ড শাখার প্রধান কার্যালয়। তবে কার্যালয়ে কাউকে দেখা যায়নি।
এ ছাড়া রেলস্টেশনে প্রবেশের প্রধান ফটকের সামনের সড়কে বসেছে কলা ও আখের আড়ত। এসব আড়তের ময়লা-আবর্জনা স্তূপ হয়ে পড়ে আছে সড়কে। আর পূর্ব তেজতুরী বাজার এলাকা থেকে স্টেশনের প্রধান ফটক পর্যন্ত স্টেশন সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে স্টেশনে আসতে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।
তেজগাঁও রেলস্টেশন সূত্র জানায়, রেল ফটক থেকে স্টেশনের প্ল্যাটফর্ম পর্যন্ত গড়ে ৮০ শতাংশ দোকান ও আড়ত অবৈধভাবে তৈরি করা হয়েছে। মুরগি ও কলার আড়তসহ কিছু দোকান কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বসলেও প্রায় দুই বছর ধরে কোনো ভাড়া দিচ্ছে না।
এ বিষয়ে তেজগাঁও রেলস্টেশনের স্টেশনমাস্টার এম এ আজিজ প্রথম আলোকে বলেন, ‘স্টেশনে যাত্রীদের যাতায়াতে যেন কোনো সমস্যা না হয়, সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্টেশন সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব ডিএনসিসির। এ ছাড়া স্টেশন এলাকায় অনুমতি নেওয়া দোকান ২৭টি। আমি এগুলোর নির্ধারিত ভাড়া নিয়ে থাকি। তবে রেলের জমিতে থাকা বাকি দোকানপাটের বিষয়ে আমি কিছু জানি না।’