তেজগাঁওয়ে পুলিশ সোর্সের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ের শাহিনবাগ এলাকা থেকে আজ রোববার দুপুরে মো. ইউনুস খান (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ইউনুস পুলিশের সোর্স (তথ্যদাতা) হিসেবে কাজ করতেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
সন্ত্রাসীদের তথ্য পুলিশের কাছে সরবরাহের জের ধরে কেউ তাঁকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
ইউনুসের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার চাওলাকাঠি। তিনি পশ্চিম নাখালপাড়ার ৬৪৭ নম্বর বাসায় পরিবারসহ ভাড়া থাকতেন। তিনি তাঁর বাবার সঙ্গে মাছের ব্যবসা করতেন বলে জানায় পুলিশ।

পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, ৯-১০ দিন ধরে নিখোঁজ ছিলেন ইউনুস। আজ দুপুরে শাহিনবাগ এলাকায় তুজানের রিকশার গ্যারেজের পেছনের ডোবায় কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে। ইউনুসের চাচাতো ভাই মানিক ও স্ত্রী বিউটি বেগম তাঁর লাশ শনাক্ত করেন।

নিহত ব্যক্তির স্ত্রী বিউটি বেগমের দাবি, কয়েক দিন আগে মাদক ব্যবসায়ী ইকবালসহ কয়েকজনকে পুলিশে ধরিয়ে দিয়েছিলেন ইউনুস। এরই জের ধরে তাঁরা তাঁর স্বামীকে হত্যা করতে পারেন।

তেজগাঁও থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তেজগাঁওয়ের ওই এলাকাটি মাদকের অভয়ারণ্য। ইউনুস বিভিন্ন সময় তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতেন। এ কারণে পূর্বশত্রুতার জের ধরে কেউ এ হত্যাকাণ্ড ঘটাতে পারে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।