তেজগাঁওয়ে বাসে আগুন, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তেজগাঁওয়ের বেসরকারি টেলিভিশনে চ্যানেল আই কার্যালয়ের উল্টোদিকে বলাকা পরিবহনের চলন্ত বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিকের সহকারী কমিশনার আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, বাসটি নাবিস্কো হয়ে সাতরাস্তার দিকে যাচ্ছিল। চ্যানেল আই অফিসের কাছে এলে বাসের ভেতর থেকে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে যাত্রীরা তাঁকে জানান।
এ সময় গাড়িটির চালক সঙ্গে সঙ্গে বাসটি থামিয়ে দিলে যাত্রীরা দ্রুত নেমে যান। বাসের গ্লাস ভেঙে নামতে গিয়ে একজন যাত্রী সামান্য আহত হন। আগুনে বাসটির সব কটি আসন পুড়ে গেছে, পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।