তেজগাঁওয়ে জুয়ার বোর্ড থেকে ২৬ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়াখেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৬ জনকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর বিজি প্রেসের মাঠের পাশের একটি ভবন থেকে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার কামরুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় তিনি খবর পান যে ওই এলাকায় কিছু লোক জুয়া খেলছে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ২৬ জনকে জুয়ার বোর্ড থেকে থানায় আনা হয়েছে। তিনি বলেন, থানায় আনা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযানের সময় জুয়াখেলার বোর্ড থেকে বেশ কিছু টাকাও জব্দ করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। তবে এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বেশ কিছুদিন ধরে জমজমাট জুয়া চলে আসছিল।