তেমন অসুবিধা হচ্ছে না শিক্ষার্থীদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলার ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ এবং ঠাকুরদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গরুর হাট বসায় শিক্ষার্থীদের চলাফেরা ও পাঠদানে ভোগান্তি হচ্ছে। তবে এতে শিক্ষার্থীদের তেমন অসুবিধা হচ্ছে না বলে মন্তব্য করেছেন ইজারাদার।
গত সোমবার দুপুরে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন পাশাপাশি অবস্থিত। দুটি প্রতিষ্ঠানের জন্য রয়েছে একটিমাত্র খেলার মাঠ। সারা বছর সোম ও শুক্রবার হাট বসানো হলেও ঈদ উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে টানা ওই মাঠে কেনাবেচা চলছে। মাঠে কোরবানির পশু রাখা হয়েছে। আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে সেখানে ভিড় করছেন। এ কারণে শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর হাটের কোলাহলের মধ্যেই শিক্ষার্থীদের পাঠদান চলছে।
স্থানীয় লোকজন জানান, ওই মাঠের মাত্র ৪০ গজ দূরে গরুর হাটের জন্য নির্ধারিত খানসামা হাট রয়েছে। বছরে ৬২ লাখ ১১ হাজার টাকায় সরকারিভাবে ইজারা দেওয়া হলেও সেখানে হাট বসে না। চলতি বছরের জানুয়ারি থেকে ওই ইজারাদার শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠেই হাট বসাচ্ছেন।
শিক্ষার্থীরা জানায়, গরুর হাট বসায় তারা খেলাধুলা করতে পারছে না। অনেক কষ্ট করে স্কুল-কলেজে আসতে হচ্ছে। হারাগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাকিবুল হাসান বলেন, স্কুলমাঠে গরুর হাট না বসাতে বলা হলেও ইজারাদার তা মানছেন না। এতে করে শিক্ষার্থীদের নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
ইজারাদার মোফাখখারুল ইসলাম বলেন, ইজারার জন্য নির্ধারিত খানসামার হাটটি ছোট। কিন্তু গরুর আমদানি বেশি হওয়ায় স্কুলের মাঠে হাট বসানো হয়েছে। দুদিনের মধ্যে একদিন শুক্রবার হওয়ায় শিক্ষার্থীদের তেমন একটা অসুবিধা হচ্ছে না।
ইমামগঞ্জ স্কুল ও কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলী বলেন, এটি অনেক আগে থেকেই হয়ে আসছে। এ ছাড়া স্কুল ও কলেজের বিভিন্ন সরকারি দিবসের অনুষ্ঠানে হাটের লোকজন আর্থিক সহযোগিতা করে থাকেন।
কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ‘বিষয়টি দেখা হবে।’