তেরখাদায় টেম্পোচালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার তেরখাদা উপজেলার বারসাত ইউনিয়নের হাড়িখালী গ্রামের আশ্রয়ণ প্রকল্পের সামনের আঠারবেকী নদীর চরের খাসজমি থেকে মিরাজুল ইসলাম (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি হাড়িখালী গ্রামের ইয়ার আলী ফকিরের ছেলে। পেশায় টেম্পোচালক ছিলেন।

পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার দৈনন্দিন কাজকর্ম শেষ করে রাতে বাড়িতে আসেন মিরাজুল। বাড়িতেই ঘুমাচ্ছিলেন তিনি। রাত একটার দিকে কে বা কারা তাঁকে ঘুম থেকে ডেকে নিয়ে যায়। রাতে আর ঘরে ফেরেননি তিনি। আজ সকালে স্থানীয় লোকজন তেরখাদা-রূপসার সীমান্তবর্তী আঠারবেকী নদীর চরে মিরাজুলের লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গোষ্ঠীগত দ্বন্দ্বের জের ধরে তিনি খুন হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিজাম ফকির ও সাইকুল ফকির নামে দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।