তেলবাহী লরির ট্যাংকারে শ্রমিকের মরদেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে জ্বালানি তেলবাহী একটি লরির ট্যাংকারের ভেতর থেকে আল আমিন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করে। তিনি পার্বতীপুর পৌর এলাকার গুলপাড়ার ভ্যানচালক আফসার আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পার্বতীপুর শহরের মেসার্স বার্মা ট্রেডার্সের মালিকানাধীন ১০-১২টি তেলবাহী ট্যাংক লরি রয়েছে। আল আমিন ওই কোম্পানির একটি লরিতে চালকের সহকারী হিসেবে কাজ করতেন। গত রোববার সকালে আল আমিন কাজে যান। রাতে তিনি না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ মঙ্গলবার দুপুরে একটি তেলবাহী লরির ট্যাংকারের ভেতরে তাঁর মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।